পুলিশ ফাঁড়ির কাছে কাপড় ব্যবসায়ীর টাকা ছিনতাই
রাজধানীর সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির কাছে গতকাল শুক্রবার সকালে ছিনতাইকারীরা মোহাম্মদ ইসরাফিল (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে কাপড় ব্যবসায়ী ইসরাফিল নরসিংদীতে যাওয়ার জন্য সায়েদাবাদ বাসস্ট্যান্ডে টিকিট কিনতে যাচ্ছিলেন। পথে চার-পাঁচজন ছিনতাইকারী সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির কাছে ইসরাফিলের পথরোধ করে। তারা ইসরাফিলকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে চার লাখ টাকা ও দুটি মুঠোফোন কেড়ে নেয়। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকি ৎসাধীন ইসরাফিল বলেন, তিনি নরসিংদীর মাধবদীর কাপড় ব্যবসায়ী। গতকাল ভোরে লালমনিরহাট থেকে চার লাখ টাকা নিয়ে সায়েদাবাদে আসেন। নরসিংদীর বাসে ওঠার টিকিট কাটতে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ির কাছে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।