পুলিশ বক্স থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে গুলিবিদ্ধ অবস্থায় চই উ মং মারমা (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। চান্দগাঁও থানার পুলিশ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজাউল করিম বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।’ পুলিশ সূত্র জানায়, চই উ মং মারমা দামপাড়া পুলিশ লাইনের কনস্টেবল। সেখান থেকে গত ৯ ফেব্রুয়ারি কালুরঘাট বেতার কেন্দ্রের শান্ত্রী (সেন্ট্রি) হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। শনিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত তাঁর দায়িত্ব ছিল। ১১টার দিকে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে ডিউটিতে দেখে গেছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। রাত ১২টায় দায়িত্ব পালনের জন্য আরেক কনস্টেবল বেতার কেন্দ্রে গিয়ে সিকিউরিটি বক্সের ভেতর তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বক্সের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।চই উ মং মারমার বাড়ি বান্দরবান উপজেলায়। ১০ দিন ছুটির পর গত ৯ ফেব্রুয়ারি তিনি দামপাড়া পুলিশ লাইনে যোগ দেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।