পুলিশ বক্স নির্মাণের নামে গাছ কর্তন
এবার পুলিশ বক্স স্থাপনের নাম করে সরকারি সড়কের পাশের দুটি গাছ কেটে ফেলেছেন একজন ঠিকাদার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের পাড়াতলি এলাকা থেকে গতকাল রোববার গাছগুলো কাটা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরের ফতেহপুরের কবরস্থান থেকে রূপসদী কান্দাপারা পর্যন্ত রাস্তার দুপাশে কড়ই, আকাশমণি, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ রয়েছে। এর মধ্যে কড়ইগাছগুলো প্রায় ১৫ বছর আগে লাগানো হয়।
গতকাল সকালে বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামের ঠিকাদার আবদুল আজিজের লোকজন গাছগুলো কাটেন। বেলা ১১টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দক্ষিণ দিক থেকে দুটি কড়ইগাছ কেটে নসিমন দিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে পাঁচ-ছয়জন শ্রমিক। হালিম মিয়া নামের একজন শ্রমিক বলেন, ‘আজিজ ভাই কইছে কড়ইগাছ কাটতে, তাই গাছ কাটছি।’ কেটে ফেলা দুটি গাছের গোড়া লতা ও মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে। নতুন মাটি ভরাট করা জায়গার নিচু অংশে গাছের ডাল কেটে বেড়া দেওয়া হয়েছে।
আবদুল আজিজ বলেন, ‘অনেক টাকা খরচ করে মাটি ভরাট করা হয়েছে। ওই জায়গায় পুলিশ বক্স তৈরি করা হবে। সেই জন্য দুটি গাছ কাটা হয়েছে।’ বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, ‘বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের পাড়াতলিতে কোনো পুলিশ বক্স হবে, এমনটি আমার জানা নাই।’
সওজ বাঞ্ছারামপুর উপজেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব উল্লাহ বলেন, ‘রাস্তার পাশ থেকে গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’