পুলিশ বক্সে ট্রাক পাঁচজন আহত, নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে
বিমানবন্দর সড়কে গত শনিবার গভীর রাতে ফুটপাতের ওপর স্থাপিত পুলিশ বক্সে ট্রাক ঢুকে পড়ায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাকচালক বা তাঁর সহকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এটি নাশকতা না দুর্ঘটনা, তা খতিয়ে দখা হচ্ছে।
আহত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক আহছান হাবীব (৩৫), নায়েক আবদুল কাদের (৩০), কনস্টেবল সৈকত (২২), নাছিরুল (২১) এবং সিকিউরিটি গার্ড শাহআলম (৩৫)। গতকাল ভোর সাড়ে চারটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে সৈকত ছাড়া অন্যদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কনস্টেবল সৈকতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া।
ওসি নূর আজম প্রথম আলোকে বলেন, শনিবার রাত আড়াইটার দিকে বৃষ্টি হচ্ছিল। চৌকিতে দায়িত্বরত বিমানবন্দর থানা পুলিশের একটি দলের সদস্যরা বৃষ্টি থেকে বাঁচতে সে সময় বনরূপা আবাসিক এলাকাসংলগ্ন একটি পুলিশ বক্সে আশ্রয় নিয়েছিলেন। এ সময়ই একটি মাছভর্তি ট্রাক ফুটপাতের ওপর ওই পুলিশ বক্সে উঠে পড়লে পুলিশ সদস্যরা আহত হন।