পুলিশ বলছে গণপিটুনি পরিবারের অভিযোগ ডেকে নিয়ে হত্যা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গত শুক্রবার রাতে মিরাজুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে। তবে মিরাজুলের পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।মিরাজুলের বাড়ি পাবনা সদর উপজেলার ডিক্রীর চরাঞ্চলে। তিনি অটোবাইক চালাতেন।হত্যার ঘটনায় মিরাজুলের চাচা আবদুল কুদ্দুস খোকসা থানায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। খোকসা থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার গোপগ্রাম এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়েছিলেন মিরাজুল। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়।তবে মিরাজুলের স্ত্রী বীণা খাতুন প্রথম আলোকে বলেন, ‘রাইত নয়টার দিকে চারজন লোক আইসি আমার স্বামীক ডাকি নিই গেল। জমিজমার মীমাংসা করার কথা বলি চলি যায়। তাক এভাবি ডাকি মারি ফ্যালা হবি, এর বিচার চাই আমি।’মিরাজুলের ভগ্নিপতি আবদুর রহিম জানান, উপজেলার গোপগ্রামের কাছাকাছি পাবনা ডিক্রীর চরাঞ্চলে মিরাজুল বসবাস করতেন। প্রায় সাত মাস আগে জমিজমাসংক্রান্ত বিরোধে সেখানে একজন খুন হয়। ওই সময় মিরাজুলের বাড়িঘরও ভাঙচুর করা হয়। পরে মিরাজুল শ্বশুরবাড়ি কুমারখালী উপজেলার করাতকান্দি গ্রামে চলে আসেন।মিরাজুলের চাচা আবদুস সালাম বলেন, ঘরবাড়ি ভাঙচুরের মামলায় মিরাজুল গোপগ্রাম এলাকার কয়েকজনকে আসামি মামলা করেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই মামলার আসামিরা তাঁকে হত্যা করেছে।তবে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘মিরাজুল চুরি করার সময় ধরা পড়ে গণপিটুনিতে মারা গেছে বলে এলাকাবাসী জানিয়েছে। মামলা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে দেখা হবে।’