পুলিশ বলছে ছিনতাই, মালিক মিলছে না ৫৯ লাখ টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটন রোডে গতকাল সোমবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ৫৯ লাখ টাকাসহ আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই যুবক ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় পুলিশ হাতেনাতে তাঁকে আটক করে।

তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দুটি মোটরসাইকেলের আরোহীদের মধ্যে মারামারির একপর্যায়ে পুলিশ এলে মোটরসাইকেলে কয়েকজন পালিয়ে যান। আর তাঁদের একজন ওই যুবক টাকাভর্তি কার্টন নিয়ে দৌড়ানোর সময় পুলিশ তাঁকে ধরে পায়ে গুলি করে।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো. লিটন। বয়স ৩০-৩২ বছর। থাকেন শনির আখড়ায়। ঘটনাটি ঘটে রাত সাড়ে আটটার দিকে। ওই টাকা ছিনতাইকৃত দাবি করলেও রমনা থানার পুলিশ রাত সাড়ে ১১টা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এই টাকার মালিক কে? লিটনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া সাংবাদিকদের বলেন, রাত সাড়ে আটটার দিকে নিউ ইস্কাটন রোডে (জনকণ্ঠ ভবনের উল্টো দিকে) তিনজন ছিনতাই করছিল। গুলির শব্দে সেখানে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও মো. ইফতেখার এগিয়ে গেলে ছিনতাইকারীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে ওই ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হন। এসআই মনির ও ইফতেখারও আহত হন।

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘যাঁর টাকা ছিনতাই হয়েছে, আমরা তাঁকে খুঁজছি। মনে হয়, ছিনতাইকারীর গুলিতে তিনি আহত হয়ে কোথাও চিকিৎসা নিচ্ছেন, এ জন্য তাঁকে পাওয়া যাচ্ছে না।’

ঘটনার সময় সেখানে থাকা পুলিশের একজন সদস্য বলেন, কয়েকজন মিলে এক ব্যক্তিকে মারছে দেখে তাঁরা (পুলিশ) ছিনতাই হচ্ছে ভেবে এগিয়ে যান। পুলিশ দেখে হামলাকারীরা পালিয়ে যান। আর কার্টন নিয়ে একজন দৌড় দেন। তাঁকে ধরে দেখা যায় কার্টনভর্তি টাকা। ওই ব্যক্তি ছিনতাইকারী এবং পুলিশের দিকে গুলি চালিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয়। তাঁদের একজন মোটরসাইকেল মেকানিক, অন্যজন মাইক্রোবাস চালক। তাঁরা জানান, ওই যুবককে পুলিশ ধরে পায়ে গুলি করেছে। তাঁরা জানান, মগবাজার থেকে বাংলামোটরের দিকে পর পর দুটি মোটরসাইকেল আসে। মোড়ের কাছাকাছি ওই দুই মোটরসাইকেলের আরোহীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে মারামারি হয়। তখনই পুলিশ আসে। কয়েকজন ওই দুই মোটরসাইকেলে উঠে চলে যান। আর একজন কার্টন হাতে জনকণ্ঠ ভবনের দিকে দৌড় দেন। পুলিশ তাঁকে ধাওয়া করে একটি ব্যাংকের বুথের পাশের গলিতে ধরে ফেলে এবং পায়ে গুলি করে।