রাজধানীর পল্লবীতে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) উপসহকারী প্রকৌশলীর স্ত্রী ও মামা হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পল্লবী থানায় মামলা হয়েছে। মামলায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মামলায় প্রকৌশলীর স্ত্রীর ব্যবসায়িক অংশীদার আশরাফুল আলম চিশতী ওরফে শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কে নিজ ফ্ল্যাটে খুন হন ডেসকোর রূপনগর বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার ও তাঁর মামা আমিনুল ইসলাম। ফ্ল্যাটের বাথরুম থেকে আহত জাহিদুল-সুইটি দম্পতির একমাত্র ছেলে সাদকে (৫) উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত সুইটি বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তাঁর ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হলেন রিমান্ডে নেওয়া আশরাফুল। আমিনুল কয়েক দিন আগে ওই বাসায় বেড়াতে এসেছিলেন।
পল্লবী থানার পুলিশ জানায়, বুধবার দুপুরে মোটরসাইকেলে আসা দুই যুবক সাততলা বাড়িটির ছয়তলায় জাহিদুলের ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এই জোড়া খুন করে। ঘটনার পর ওই বাড়িতে যাওয়া আশরাফুলকে বাড়ির নিচ থেকে আটক করে পুলিশ। পুলিশ একই সঙ্গে বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেককেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। হত্যার ঘটনায় বুধবার রাতে জাহিদুল পল্লবী থানায় লিখিত অভিযোগ দেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মামলার এজাহারে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির কথা উল্লেখ আছে। সন্দিগ্ধ হিসেবে আশরাফুলের নামও উল্লেখ করা হয়েছে। এর ভিত্তিতে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে বাসায় গেলে জাহিদুল প্রথম আলোর কাছে পুলিশের বিরুদ্ধে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ করেন। তিনি বলেন, তিনি লিখিত অভিযোগ পাঠানোর পরও পুলিশ তাঁর শ্যালককে দিয়ে মামলা করানোর চেষ্টা করে। তাঁর শ্যালকের ওপর চাপ সৃষ্টি করা হয়।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, জাহিদুল বুধবার অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর শ্যালককে মামলা করতে বলা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজির অভিযোগ ছাড়াও হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ সামনে রেখেই তাঁরা তদন্ত করতে চান।
এসআই রাসেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিরাপত্তাকর্মী খালেক জানিয়েছেন, মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িতে ঢুকে ছয়তলায় জাহিদুলের ফ্ল্যাটে যাওয়ার কথা বলেছিলেন। তখন তিনি (খালেক) ইন্টারকমে যোগাযোগ করার চেষ্টা করলেও ওই ফ্ল্যাটের কেউ ফোন ধরেননি। এরই মধ্যে নিচে পার্কিংয়ে মোটরসাইকেল রেখে ওই দুই যুবক তড়িঘড়ি উপড়ে উঠে যান। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়ে যান।
গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে সুইটি ও আমিনুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিক সূত্র জানায়, তাঁদের লাশ জাহিদুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইলে নিয়ে যাওয়া হয়। সেখানেই কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।