পুলিশ বলছে ব্যবসায়ীর টাকা, যুবক বলছেন হুন্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্কাটন রোডে গত সোমবার রাতে গুলিবিদ্ধ যুবকের কাছে থাকা ৫৯ লাখ টাকার মালিককে পাওয়া গেছে বলে দাবি করেছে রমনা থানার পুলিশ।আর গুলিবিদ্ধ যুবক মো. লিটন বলেছেন, ওই টাকা হুন্ডির। তাঁরা তিনজন ওই টাকা কেড়ে নিতে গিয়েছিলেন।
পুলিশ বলেছে, লিটন ছিনতাইকারী, পুলিশের পাল্টা গুলিতে আহত হন।
লিটন পুলিশি হেফাজতে পঙ্গু হাসপাতােল চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পঙ্গু হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার কক্ষের সামনে দেখা যায় তাঁকে। বাঁ পায়ে হাঁটুর নিচে ব্যান্ডেজ থাকা লিটন শুয়ে আছেন ট্রলিতে। ট্রলির সঙ্গে হাতকড়া দিয়ে ডান হাত বাঁধা। তিনি বলেন, বাংলামোটরে তিনি গাড়ির লাইট ঝালাই করেন, সেখানে ফুটপাতে তাঁর দোকান আছে।
লিটন বলেন, সোমবার সন্ধ্যায় তাঁর পরিচিত মনির ফোনে জানান, হুন্ডি ব্যবসার কিছু টাকা ইস্কাটন দিয়ে যাবে। মনির টাকা বহনকারীদের বর্ণনাও দেন। এরপর তিনি ওই এলাকার কামাল ও লিটন নামের দুজনকে নিয়ে ওই টাকা কেড়ে নিতে যান। টাকা কেড়ে নেওয়ার আগে পুলিশ চলে আসে। তিনি কার্টনভর্তি টাকা নিয়ে দৌড় দিলে পুলিশ ধরে ফেলে। তাঁকে থানার দিকে নেওয়ার সময় পায়ে গুলি করে পুলিশ। ওই টাকা কার, তা তিনি এখনো জানেন না।
অবশ্য রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘লিটনকে ধরে নিয়ে গুলি করা হয়েছে এটা তাঁর ভাষ্য। আমাদের (পুলিশের) দল তো দেখেছে টাকা কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তারা ধাওয়া দিয়েছে, গুলি করেছে। সেখানে গোলাগুলির পর তাঁকে টাকাসহ আটক করা হয়।’ তিনি বলেন, ওই টাকার মালিককে পাওয়া গেছে। টাকাগুলো ব্যবসায়ী জিয়াউর রহমানের। তাঁর বাসা ইস্কাটনে। ব্যবসার প্রয়োজনে টাকাটা তাঁর কর্মচারীরা বাসা থেকে ধানমন্ডিতে নেওয়ার সময় ছিনতাই হয়।
রমনা থানার এএসআই আলী হোসেন বলেন, সোমবার গভীর রাতে জিয়াউর রহমান থানায় ফোন করে ওই টাকার মালিকানা দাবি করেন। গতকাল তিনি থানায় আসেন। টাকার মালিকানা প্রমাণে তিনি ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র এনে মামলা করবেন। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে সোমবার রাতেই এসআই মনিরুজ্জামান একটি মামলা করেছেন।
এদিকে লিটনের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। তাঁর স্ত্রী মিনারা বেগম ও ভাই স্বপন জানান, অস্ত্রোপচারের জন্য তাঁদের কাছে টাকা চাইছে পুলিশ। কিন্তু তাঁদের টাকা দেওয়ার সামর্থ্য নেই।
অভিযোগ অস্বীকার করেছেন সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকারি খরচে চিকিৎসা হচ্ছে। টাকা চাওয়ার প্রশ্নই আসে না।