পুলিশ বলছে, মুজিবুর ও রেজাউলের বক্তব্যে গরমিল
অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর মুক্ত যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায় গতকাল শুক্রবার তাঁদের আদালতে নেওয়া হয়নি। পুলিশ বলছে, দুজনের বক্তব্যে ব্যাপক গরমিল রয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রেজাউল হকের সঙ্গে তাঁর মা-বাবা দেখা করেছেন। রেজাউলের বাবা ওয়াহিদুল হক জানান, ছেলে মুক্ত হওয়ার পর বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রথম তাঁকে দেখলেন। তাঁকে অসুস্থ লাগছিল।
পুলিশের সূত্র জানায়, মুজিবুর ও রেজাউলকে গত বুধবার রাতে ঢাকা থেকে সুনামগঞ্জে আনার পর থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাঁদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। পর্যায়ক্রমে তাঁরা যেসব স্থানে ছিলেন বলে জানিয়েছেন, সেসব স্থানেও তাঁদের নেওয়া হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল বিকেলে বলেন, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলা তদন্তের স্বার্থে সবকিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, মুজিবুর রহমান ও রেজাউলের কথাবার্তায় ব্যাপক গরমিল রয়েছে।’
সুনামগঞ্জে আনার পর থেকে মুজিবুর রহমান শহরের হাজীপাড়ায় নিজ বাড়িতে পুলিশ হেফাজতে রয়েছেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ছাড়া কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গত সোমবার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছে চোখ বাঁধা অবস্থায় মুজিবুর ও রেজাউলকে ছেড়ে দেওয়া হয়। এরপর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুজিবুর। তবে রেজাউলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে তাঁর খোঁজ পায় পুলিশ।
গত ৪ মে নিখোঁজ হন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর ও তাঁর গাড়িচালক।