পুলিশ বলছে সন্দেহভাজন দুই জঙ্গি চিকিৎসাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় হামলার ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গি হাসপাতালে চিকিৎসাধীন বলে গতকাল সোমবার মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক। তবে তিনি কারও নাম-পরিচয় প্রকাশ করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের ঘটনায় আটক একজনকে গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাম জাকির হোসেন ওরফে শাওন। হাসপাতাল সূত্র বলেছে, তাঁকে হাতকড়া পরিয়ে আনা হয়।
তবে জাকিরের বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলে জঙ্গি নন, তিনি ওই রেস্তোরাঁর বাবুর্চির সহকারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে শাওন নামের ছেলেটিকে পুলিশি পাহারায় আনা হয়। তিনি গুলশানের হামলায় জড়িত কি না, সে সম্পর্কে আমাদের জানা নেই। তাঁর গায়ে অসংখ্য স্প্লিন্টার আছে। কথাবার্তাও অসংলগ্ন। কোনো কথার জবাব ঠিকমতো দিতে পারছেন না।’
জিম্মি সংকট অবসানের আগেই গত শনিবার ভোরের দিকে রেস্তোরাঁর পেছন থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণকে ‘সন্দেহজনক আচরণের কারণে’ রক্তাক্ত অবস্থায় আটক করে পুলিশ। তাঁর পরিচয় কী, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে কি না—সে তথ্য পুলিশ জানায়নি।
শনিবার সেনা সদর দপ্তর সংবাদ সম্মেলনে বলে, অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত ও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে শোকসভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক বলেন, ‘গুলশানের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’ ওই শোকসভাতেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আটকদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও তাঁর পরিচয় স্পষ্ট করেননি।
ঢাকা মেডিকেলে খোঁজ নিয়ে পুলিশি পাহারায় একজনের ভর্তির খবর পাওয়া যায়। তাঁর নাম জাকির হোসেন। তবে জাকিরের বাবা আবদুস সাত্তার ও মা মাহমুদা বেগম দাবি করেছেন, তাঁদের ছেলে হলি আর্টিজানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত নন।
গতকাল সকালে জাকিরের মা-বাবা তাঁকে খুঁজতে হলি আর্টিজানের সামনে ছবি নিয়ে হাজির হয়েছিলেন। তাঁদের কাছে থাকা জাকিরের ছবি দেখে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা রক্তাক্ত অবস্থায় এক তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ে যাওয়ার ছবিটি দেখান। মা-বাবা বলেন, হামলার পর থেকে জাকিরকে তাঁরা খুঁজে পাচ্ছিলেন না। তাঁর খোঁজে কয়েকবার গুলশান থানার পুলিশের কাছে গেছেন। পুলিশ ইউনাইটেড হাসপাতালে জাকিরকে খোঁজার কথা বলে। সেখানে গিয়েও তাঁরা ছেলেকে পাননি। রোববারও রাত দেড়টা পর্যন্ত তাঁরা গুলশান থানায় বসে ছিলেন। কিন্তু পুলিশ জাকিরের কোনো খোঁজ দিতে পারেনি।
মাহমুদা বলেন, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায়। বৃহস্পতিবার ইফতারের পরে জাকির ফোন করেছিলেন। জানিয়েছিলেন, ঈদের বোনাস পেয়েছেন। রোববার বাড়ি আসবেন। বাবা আবদুস সাত্তার বলেন, তিনি নারায়ণগঞ্জে মেঘনার ডিপোতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। শনিবার টিভিতে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা দেখেন। এরপর থেকে ছেলের খোঁজ পাচ্ছেন না।
রেস্তোরাঁর হিসাবরক্ষণ বিভাগের ব্যবস্থাপক সাজেদুর রহমান বলেন, জাকিরকে তাঁরা হাসপাতালে শনাক্ত করেছেন। তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
বিকেলের দিকে এই প্রতিবেদকের সামনেই ঢাকা মেডিকেলে গিয়ে জাকিরকে খুঁজে পান বাবা-মা। জাকিরের পরনে তখন নতুন লুঙ্গি। ছেলে ওই রাতের ঘটনা সম্পর্কে তাঁদের কিছু বলেছেন কি না, জানতে চাইলে কাঁদতে কাঁদতে মাহমুদা বলেন, ‘ছেলে বাপরে ভাই ডাকতেছে। সে বাঁচবে তো!’ তিনি অভিযোগ করেন, তাঁর ছেলেকে নির্যাতন করা হয়েছে।