পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা, পরিবারের দাবি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারুন্ডি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সুরুজ শিকদার নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে৷
পুলিশের ভাষ্যমতে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে৷ তবে তাঁর পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে৷
ব্যবসায়ী সুরুজ শিকদারের (৩২) বাড়ি সাটুরিয়া উপজেলার বারুন্ডি গ্রামে৷ পলোর (মাছ ধরার কাজে ব্যবহৃত সরঞ্জাম) ব্যবসা করতেন তিনি৷
পুলিশ জানায়, গতকাল সকালে বাড়ি থেকে পাশের বারবাড়িয়া বাজারে যাচ্ছিলেন সুরুজ৷ এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে আসা ঢাকাগামী কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাঁর স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। দুপুরে ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বিভিন্ন বাড়ি থেকে পলো কিনে সুরুজ পাইকারি বিক্রি করতেন। প্রায় দুই মাস আগে চান্দরা গ্রামের তুলা মিয়ার বাড়িতে ৬৭৫টি পলো রাখেন তিনি। কিছুদিন আগে আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সুরুজ তুলা মিয়ার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর থেকে তুলা মিয়া ও তাঁর লোকজন সুরুজকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। গতকাল সকাল ছয়টার দিকে বাড়ি থেকে বের হন সুরুজ। তাঁর বড় ভাই আবদুস সালাম শিকদার অভিযোগ করেন, তাঁরা (তুলা মিয়া) পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করে লাশ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দোতরা এলাকায় ফেলে রেখে যান।এ ব্যাপারে চেষ্টা করেও তুলা মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, সুরুজের বুকের কয়েকটি হাড় ভাঙা ছিল। এ ছাড়া, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। দুর্ঘটনা না হত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া স্পষ্ট করে বলা যাচ্ছে না।