পুলিশের তালিকায় সারা দেশে সন্দেহভাজন নিখোঁজের সংখ্যা ৪০ বলে জানা গেছে। এ তালিকার দুজন গুলশান হামলার ঘটনায় নিহত হয়েছেন। অন্যদের ব্যাপারে খোঁজ নিচ্ছে পুলিশ। তবে এঁরা দেশে আছেন, না বিদেশ পাড়ি জমিয়েছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই তালিকাটির ব্যাপারে আরও খোঁজখবর করা হচ্ছে। এতে করে সন্দেহভাজনদের সংখ্যা কমবেশি হতে পারে।
এর আগে গত মঙ্গলবার র্যা ব ২৬২ জন নিখোঁজের একটি তালিকা প্রকাশ করে। প্রথম আলোর পক্ষ থেকে সেই তালিকা ধরে অনুসন্ধান করে গতকাল পর্যন্ত ৩০ জেলায় ১৩৯ জনের খোঁজ পাওয়া যায়, যাঁরা বিভিন্ন সময় ফিরে এসেছেন। সর্বশেষ গত রাতে র্যা বের তালিকা সংশোধন করে বলা হয়, নিখোঁজ ব্যক্তির সংখ্যা ৬৮।
জানতে চাইলে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, তালিকার সবাই কোনো না কোনো সময় নিখোঁজ ছিলেন। তাঁদের অনেকেই পরে ফিরে আসেন। এ কারণে তালিকাটি যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে পুলিশের তালিকার ব্যাপারে পদস্থ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সারা দেশে সন্দেহভাজনদের ব্যাপারে কঠোর নজরদারি শুরু করেছে পুলিশ। তার অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকা সব সময় হালনাগাদ করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, গুলশান হামলার পর পুলিশ জানতে পারে ওই হামলায় অংশ নেওয়া অনেকেই দীর্ঘদিন ধরে নিখোঁজ। অনেকের পরিবার নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। এরপরই সারা দেশে নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর করতে তৎপর হয়। এরপর তালিকা তৈরির জন্য সারা দেশের পুলিশ সুপারদের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। পুলিশ সুপাররা দেশের বিভিন্ন থানায় করা জিডির সূত্র ধরে তালিকাটি তৈরি করেন।
সূত্র জানায়, তালিকা তৈরির কাজে নেমে পুলিশ জানতে পারে, দেশের ছয় শতাধিক থানায় গত এক বছরে চার শ নিখোঁজ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। অনেকে আবার ফিরে আসেন। কেউ কেউ নিখোঁজ হন পারিবারিক বা ব্যক্তিগত কারণে। সর্বশেষ গত সপ্তাহে তালিকাটি যাচাই-বাছাই করে ২৭৬টি নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করে। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত তলিকা তৈরি করা হয়।
এলাকাভিত্তিক পুলিশ যে তালিকা করেছে তাতে দেখা যায়, নিখোঁজের সবচেয়ে বেশি জিডি হয়েছে ঢাকা মহানগর এলাকায়। ঢাকা মহানগর থেকে ৬৮ জন নিখোঁজ হয়েছেন। একইভাবে খুলনা মহানগর থেকে ১০ জন ও বরিশাল মহানগর থেকে ৩ জন নিখোঁজ হয়েছেন বলে জিডি করা হয়। অঞ্চলগুলোর মধ্যে ঢাকা অঞ্চল থেকে ৫৫ জন, চট্টগ্রাম অঞ্চল থেকে ২৭, খুলনা অঞ্চলে ১৬, রাজশাহী অঞ্চলে ৫১ জন। ময়মনসিংহ অঞ্চলে ১২ জন ও রংপুর অঞ্চলে ৩৪ জন নিখোঁজ হন বলে ডায়েরি করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, নিখোঁজ তালিকা দীর্ঘ হলেও সবাই সন্দেহভাজন নন। যাচাই-বাছাই করে সন্দেহভাজনের তালিকায় ৪০ জনের নাম-ঠিকানা পাওয়া যায়। এর মধ্যে ঢাকা মহানগরে সন্দেহভাজন নিখোঁজ আছেন ১৩ জন, তাঁদের মধ্যে মীর সামেহ মোবাশ্বের ও রোহান ইবনে ইমতিয়াজ গুলশানের হলি আর্টিজানে হামলার সময় নিহত হয়েছেন। ঢাকায় নিখোঁজের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডা. আরাফাত হোসেন তুষার, ডা. রোকনউদ্দিন খন্দকার, তার স্ত্রী নাইমা আক্তার, মেয়ে রমিতা রোকন, রেজওয়ানা রোকন ও জামাতা সাদ কায়েস। চিকিৎসকরে পরিবার তুরস্কে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
খুলনা মহানগরে সন্দেহভাজন আছেন একজন, ঢাকা রেঞ্জ এলাকায় নিখোঁজ একজন, চট্টগ্রামে দুজন, রাজশাহী অঞ্চলে ১৭ জন। রাজশাহী অঞ্চলে সন্দেহভাজনের তালিকায় বাশারুজ্জামানের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া রংপুর অঞ্চলে সাতজন সন্দেহভাজন নিখোঁজ রয়েছেন।