রাজধানীর শেওড়াপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় দম্পতি নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। এ ব্যাপারে কাফরুল থানা-পুলিশ নিহতের ছেলের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে গেছে। নিহত দম্পতির ছেলে রায়হান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
আজ বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আতাউর রহমান (৭০) ও তাঁর স্ত্রী রওশন আরা (৬০) দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন।
ছেলে রায়হান আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, আজ যোহরের নামাজের পর শেওড়াপাড়া গোরস্থানে বাবা-মাকে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাইছি না, আমাদের বাবা-মায়ের শরীরে কাটাছেঁড়া করা হোক। পুলিশ বাসায় এসে লিখিত অভিযোগ নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছে।’
কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আতাউর রহমান ৯২১ নম্বর পূর্ব শেওড়াপাড়ায় নিজ বাড়িতে থাকতেন। কোরবানির মাংস দিতে মেয়ের বাসা মোহাম্মদপুর যাচ্ছিলেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, গাড়িটি কাজীপাড়ার দিক থেকে আসছিল। ওই গাড়িতে তিন যুবক ছিলেন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটি ফুটপাতে থাকা আতাউর রহমান ও রওশন আরাকে ধাক্কা দেয়। এর গতি এতই বেশি ছিল, রওশন আরাকে টেনে প্রায় ২০ হাত দূরে নিয়ে যায়। গাড়ির ভেতর থেকে মদের একটি অক্ষত বোতল এবং কয়েকটি ভাঙাচোরা বোতল পাওয়া গেছে। পুলিশ ওই তিনজনকে ধরে ছেড়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা অভিযোগ করেছেন।
এদিকে এই প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাঠকেরা। তাঁরা দ্রুত ওই তিন যুবকের পরিচয় নিশ্চিত করে শাস্তির আওতায় আনার দাবি করেছেন। ওই যুবকেরা প্রভাবশালী পরিবারের হতে পারেন বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
প্রতিবেদনের নিচে জিল্লুর নামে একজন মন্তব্য করেছেন, ‘মর্মান্তিক ও বেদনাদায়ক। পুলিশ মানুষের বন্ধু, এটাই সবাই বিশ্বাস করে। কিন্তু পুলিশ যদি কোনো অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে, পৃথিবীর হেন শক্তি ও আইন নেই, ওই অপরাধীদের কেউ শাস্তি দেবে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, পুলিশ কার বন্ধু? অপরাধীদের না অন্য কারও?’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেছেন, ‘আমরা জানতে চাই গাড়ি চালকদের নাম ও পরিচয় ! নাম ও পরিচয় অবশ্যই পাওয়া যাবে যেহেতু গাড়িটি নাগরিকের নজরে আছে। পার পাবে না আশা করি কেউ, তারা যেই হোক না কেন !’
‘নিশ্চয় কোনো ভিআইপির আলালের ঘরের দুলাল হবে, পরিচয় পাওয়া মাত্রই ছেড়ে দেওয়া হয়েছে। এর পর হবে নেগোসিয়েশন স্টেজ, কীভাবে কীভাবে এই হত্যা মামলাটি সাজানো হবে..অসম্ভব সম্ভাবনার দেশ বাংলাদেশ!!’ নাহমেদ নামের একজন এমন মন্তব্য করেছেন।
আরও পড়ুন: