পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, গুলিতে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজিরখিল বাজারে বিএনপি ও ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে জাহাঙ্গীর আলম (২৭), বেলাল হোসেন (২৮) ও জাকির হোসেন (২২) নামে যুবদলের তিন কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার এড়াতে তাঁদের অজ্ঞাতস্থানে নিয়ে চিকিৎ সা দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে এসে কাজিরখিল বাজারে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নুরনবীর দোকানসহ ছয়টি দোকানে অগ্নিসংযোগ করে। এতে দোকানগুলো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে কাজিরখিল বাজারে মিছিল করে স্থানীয় বিএনপি ও বাজারের ব্যবসায়ীরা। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে। সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ ওই বাজারে যায়। এ সময় হঠাৎ কয়েকটি গুলির শব্দে সমাবেশে উপস্থিত লোকজন দিগিবদিক ছুটোছুটি করেন। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সমাবেশ হয়নি।
বিএনপির উপজেলা কমিটির সদস্য তৌহিদুর রহমান বলেন, ‘প্রতিবাদ সমাবেশে শেষ বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ পুলিশ বাজারে গিয়েই সমাবেশ লক্ষ্য করে চার-পাঁচটি গুলি করে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ দাবি করেছেন, প্রতিবাদ সমাবেশ হওয়ার খবর পেয়ে পুলিশ সমাবেশ স্থলের দিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির কর্মীরা। এ সময় পুলিশ শটগান থেকে পাঁচটি গুলি করলে হামলাকারীরা পালিয়ে যান।