পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা বিএনপির ডাকে সদর উপজেলায় আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল ১০টার দিকে হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তিসহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে।

গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করে জেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলার সিপাহিপাড়ায় একটি মিছিল করেন। পুলিশ বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হয়।

হরতালের কারণে আজ দূরপাল্লার কোনো গাড়ি মুন্সিগঞ্জ ছেড়ে যায়নি।