১৮-দলীয় জোটের অবরোধের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা ও মেহেরপুরে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ ছাড়া খুলনা, ফরিদপুর ও বরিশালে অবরোধকারীরা বিক্ষোভ মিছিল করেছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরা-আশাশুনি ও সাতক্ষীরা-খুলনা সড়কের অবরোধ অপসারণ করতে গেলে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।
এ ছাড়া সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর চেকপোস্ট, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা, কলারোয়া আমান উল্লাহ কলেজের সামনে, সোনাবাড়িয়া সড়ক, তালা ইসলামকাটি, সুভাষিণীসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। সকাল ১০টার দিকে আশাশুনি থেকে রোগী বহনকারী কয়েকটি যানবাহন সাতক্ষীরার দিকে আসার সময় রামচন্দ্রপুর মোড়ে শিবির কর্মীরা বাধা দেন। পুলিশ আবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পাল্টাপাল্টি হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫২টি রাবার বুলেট নিক্ষেপ করে।
মেহেরপুর: বিকেলে শহরের উপকণ্ঠ বন্দর সড়কে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারেন। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ৩২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অবরোধকারীদের লক্ষ্য করে গুলি চালান। এর পরও অবরোধকারীরা সড়ক দখল করে ফসলি জমির ভেতর থেকে পুলিশ ও বিজিবির ওপর ইটপাটকেল ও বোমা ছুড়ে মারেন। এর আগে সকালে মেহেরপুরের পাঁচটি সড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। মিছিলের অগ্রভাগে শিশু ও নারীদের নিয়ে বিক্ষোভ করা হয়। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠি ছিল।
ফরিদপুর: বেলা দুইটার দিকে শিবির কর্মীরা শহরের নিলটুলী মহল্লার মুজিব সড়কে দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটান। ফলে সড়কে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান। এর আগে ভোরে নগরকান্দা উপজেলা কমপ্লেক্সের ভেতর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খুলনা: বেলা তিনটায় বয়রা পুলিশ লাইনের কাছে আনসার উদ্দিন সড়কের মোড়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেনের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আগুন জ্বালিয়ে দেন বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা।
বরিশাল: দুপুরের পর থেকে নগরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির ঝটিকা বিক্ষোভ করে। বরিশাল-লাকুটিয়া সড়কের বাঘিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং নগরের কলেজ অ্যাভিনিউ মোড়ের সড়কে ও বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর বাজার এলাকায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ ধাওয়া করে সজীব ও নাঈম নামে দুই শিবির কর্মীকে আটক করে।