স্থানীয় পর্যায়ে পুলিশ বিভাগ পরিচালনার দায়িত্ব পার্বত্য জেলা পরিষদগুলোর কাছে হস্তান্তর করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। স্থানীয় সরকার বিভাগও জেলা পরিষদের কাছে বিদ্যমান আইনে হস্তান্তর করা যাবে না। সংরক্ষিত বনাঞ্চলও বিদ্যমান আইনে কেন্দ্রীয় সরকারের হাতেই থাকবে।তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, কৃষি মন্ত্রণালয়ের অধীন কয়েকটি সংস্থাসহ স্থানীয় পর্যায়ের বেশ কিছু সরকারি দপ্তর ও বিভাগ আগামী আগস্ট মাসের মধ্যে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা যাবে।গতকাল মঙ্গলবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ মতামত ব্যক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন ১৯৮৯-এর ২২ ও ২৩ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘খ’ খণ্ডের ৩৪ ধারা অনুযায়ী, স্থানীয় পর্যায়ের যেসব বিষয় তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা কিন্তু এখনো করা হয়নি, সেগুলোর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই সভা ডাকা হয়েছিল।গত রোববার থেকে পর পর তিন দিন মোট ১৮টি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ সভায় পরের দুই দিন অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। শেষ দিনের সভায় কৃষি, পরিবেশ ও বন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, যোগাযোগ, স্বরাষ্ট্র ও ভূমি মন্ত্রণালয়ের অহস্তান্তরিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওই সভায় স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমদ, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান এবং অন্য মন্ত্রণালয়গুলোর অতিরিক্ত ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত তিন দিনের সভায় আগস্ট মাসের মধ্যে যেসব বিষয় হস্তান্তরযোগ্য বলে আলোচনা হয়েছে, সেগুলো আগস্ট মাসের শেষ দিকে একসঙ্গে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করার বিষয়েও গতকালের সভায় আলোচনা হয়েছে।