রাজধানীর পল্টন থানা এলাকায় ট্রাফিক পুলিশ ভবনের ছাদ থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন মৃতদেহের পরিচয় মিলেছে। তাঁর নাম নান্নু মুন্সী (৪০)। এ ঘটনায় জড়িত হিসেবে মো. শওকত (৩৯) নামে এক পুলিশ কনস্টেবলকে (গাড়িচালক) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনের ভেতরের একটি পুকুর থেকে নিহত ব্যক্তির বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার পল্টন থানার পেছনে পাঁচতলার ট্রাফিক ভবনের ছাদ থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। ওই ভবনটিতে পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা থাকতেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের ভবনে এ রকম হত্যাকাণ্ডের পরে পুলিশের নিজস্ব স্থাপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে নিহতের পরনের পোশাক দেখে তাঁকে নান্নু মুন্সী হিসেবে শনাক্ত করেন জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। জয়নাল জানান, নান্নু মুন্সী তাঁর স্ত্রীর বড় ভাই। যশোরের ঝিকরগাছা উপজেলার পটখালী গ্রামে নান্নুর বাড়ি। গ্রামে তিনি কবিরাজি করেন। তাঁর চার সন্তান রয়েছে। রোববার তিনি ঢাকায় আসেন শওকত নামের ওই পুলিশ কনস্টেবলের কাছে পাওনা টাকা চাইতে। পুলিশ সদস্য শওকতের চিকিৎসা করেছিলেন নান্নু।
গতকাল দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যা। গ্রেপ্তার কনস্টেবলসহ আরও দুই ব্যক্তি মিলে নান্নুকে খুন করেন। কনস্টেবল শওকতের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি আগে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের গাড়ি চালাতেন। কিছুদিন আগে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর মঙ্গলবারই আটক হওয়া শওকতকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেখানো মতেই গতকাল বিকেলে রাজারবাগ পুলিশ লাইনের জামে মসজিদের সামনের পুকুর থেকে নান্নুর বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহালের পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে শওকত বলেছেন, একান্ত ব্যক্তিগত সমস্যার জন্য শওকত গ্রাম্য কবিরাজ নান্নুর দ্বারস্থ হয়েছিলেন। এই সুযোগে শওকতকে প্রতারণা করেন নান্নু এবং তাঁর স্ত্রীর সঙ্গে একটা সম্পর্কও গড়ে তোলেন। সেই ক্ষোভেই শওকত তাঁকে হত্যা করেন।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ব্যারাকের মতো সংরক্ষিত জায়গায় হত্যাকাণ্ডের পর সন্দেহ হয় কোনো পুলিশ সদস্য এর সঙ্গে জড়িত। ওই সব এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে ট্রাফিকের যুগ্ম কমিশনারকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
কর্মকর্তারা বলছেন, এর আগে ১৯৯৯ সালের ২৫ মার্চ মিন্টো রোডে ডিবি কার্যালয়ের পানির ট্যাংক থেকে জালাল আহমেদ নামে এক সোর্সের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ ব্যাপক সমালোচিত হয়। এখনো শেষ হয়নি জালাল হত্যার বিচার।