পুলিশ ভ্যানের ধাক্কা, দম্পতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে গতকাল রোববার রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আনোয়ার শাহাদাত (৪০) ও ফারজানা আহমেদ (৩৫) নামের এক দম্পতি আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেলে সাংবাদিকদের কাছে আনোয়ার শাহাদাত নিজেকে জননিরাপত্তাবিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকার বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে পরিচয় দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আনোয়ার শাহাদাত গেন্ডারিয়ার স্টেশন রোডে থাকেন। গতকাল তিনি মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে অফিসার্স কোয়ার্টারে যাচ্ছিলেন। কাকরাইল মসজিদসংলগ্ন সড়কে গেলে পুলিশের একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে সবাই সড়কে ছিটকে পড়েন। আনোয়ার ও তাঁর স্ত্রী আহত হলেও অক্ষত থাকেন তাঁর দুই সন্তান।
ঘটনার পর আনোয়ার পুলিশের গাড়ির চাবিও নিজের হেফাজতে নিয়ে নেন। পরে চিকিৎসা শেষে ওই চাবি নিয়ে তিনি রমনা থানায় যান। রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম বলেন, ওই ভ্যানটি পুলিশ সদর দপ্তরের কাজে ব্যবহৃত হয়। গতকাল ভ্যানটি নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে যাচ্ছিলেন চালক কনস্টেবল সাইফুল ইসলাম। পথে এ ঘটনা ঘটে। ঘটনার পর আনোয়ার ওই ভ্যানের চাবি নিজ জিম্মায় নিয়েছিলেন বলে তিনি শুনেছেন। দুই পক্ষই থানায় এসেছে।
আনোয়ার শাহাদাতের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।