পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তারের পারিবারিক কলহ চরমে পৌঁছেছিল। গত মাসেই দ্বিতীয় স্ত্রী শম্পা খাতুন তাঁকে দ্বিতীয় দফায় তালাক দেন। আলাদা বাসায় থাকা শুরু করেন। সংসার ছেড়ে একটি বেসরকারি হাসপাতালে কাজ নেন। শুক্রবার সাত্তার তাঁকে জোর করে নিজের বাসায় নিয়ে আসেন। শনিবার রাতে পুলিশ তাঁদের গুলিবিদ্ধ লাশ ওই বাসা থেকে উদ্ধার করে।
নিহত শম্পার বাবা শুকবর আলী, আবদুস সাত্তারের প্রথম স্ত্রী ববিতা খাতুন, শম্পা যে হাসপাতালে কাজ করতেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের মিরপুর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। নিহত আবদুস সাত্তার ছিলেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই)। তিনি ছুটিতে ছিলেন বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। আর শম্পা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে পড়াশোনা করেছেন। ১ জুলাই থেকে মিরপুরের আল শাফি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন।
আবদুস সাত্তার ও শম্পার লাশ ময়নাতদন্ত শেষে গতকালই তাঁদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আবদুস সাত্তারের ভাই বাবলুর রহমান ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে তাঁদের লাশ বুঝে নেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
শম্পার বাবা শুকবর আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শম্পা পড়াশোনা শেষ হওয়ার পর আনুমানিক এক বছর আগে আবদুস সাত্তারের কাছে একটি চাকরি চান। আবদুস সাত্তার তাঁকে ঢাকায় আসতে বলেন এবং মিরপুরের আল শাফি হাসপাতালে চাকরি নিয়ে দেন। এর কিছুদিন পর তিনি শম্পাকে জোর করে বিয়ে করেন। শম্পা একদিন সুযোগ পেয়ে বাড়িতে চলে যান। মায়ের কাছে কান্নাকাটি করেন। তখন পরিবার আর তাঁকে ফিরতে দেয়নি। কিছুদিন পর শম্পা তাঁর স্বামীকে তালাক দেন।
শুকবর আলী বলেন, তালাক দেওয়ার পরপরই পাগলামি শুরু করেন আবদুস সাত্তার। তিনি আত্মহত্যা করতেও উদ্যত হন। এ অবস্থায় আবদুস সাত্তারের স্ত্রী ববিতা আক্তার নিজেই শম্পাকে তাঁর স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তাঁরা অনেকটা বাধ্য হয়ে শম্পাকে আবার বিয়ে দেন। বিয়ের আগে শম্পা শর্ত হিসেবে তাঁকে বিএসসি পড়ানো এবং চাকরি করতে দিতে হবে বলে আবদুস সাত্তারকে জানান। শুকবর আলী বলেন, পুনরায় বিয়ের পরপরই আবদুস সাত্তার শম্পার ওপর নির্যাতন শুরু করেন। তিনি তাঁকে কাজ করতে দিতে বা পড়তে দেননি। এ নিয়ে তাঁদের মধ্যে আবারও কলহ হলে গত রমজান মাসে শম্পা বাড়িতে ফিরে আসেন এবং আবদুস সাত্তারকে দ্বিতীয় দফায় তালাক দেন। ঈদের পর ঢাকায় গিয়ে তিনি আল শাফি হাসপাতালের এক কর্মীর সঙ্গে তাঁর বাসায় ওঠেন এবং সেখানে থেকে হাসপাতালে কাজ করা শুরু করেন।
শুকবর আলী বলেন, শুক্রবার আবদুস সাত্তার আল শাফি হাসপাতাল থেকে শম্পাকে জোর করে নিয়ে আসেন। এ সময় মুঠোফোনে শম্পা বিষয়টি তাঁদের জানান। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফোন করলে তারা জানায় যে শম্পাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে।
মিরপুরেই আলাদা আরেকটি ভাড়া বাসায় থাকেন আবদুস সাত্তারের প্রথম স্ত্রী ববিতা খাতুন। প্রথম আলোকে তিনি বলেন, আবদুস সাত্তার তাঁর সম্মতিতেই শম্পাকে বিয়ে করেছিলেন। শম্পাকে বিয়ে করলেও তিনি তাঁর সমস্ত ভরণপোষণ বহন করতেন। শনিবার বেলা দুইটার দিকে তিনি তাঁর বাসায় এসে আবার বেরিয়ে যান।
গতকাল আল শাফি হাসপাতালে গেলে ডা. ক্যাপ্টেন (অব.) মো. ফজলুর রহমান বলেন, ১ জুলাই থেকে শম্পা মাসিক আট হাজার টাকা বেতনে কাজ শুরু করেন। সাত থেকে আট মাস আগে তিনি তাঁদের হাসপাতালে কাজ করেছেন।
জানতে চাইলে মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।