গাইবান্ধায় হামলার শিকার সাঁওতাল সম্প্রদায়ের লোকজন চাইলে পুলিশ মামলা নেবে। এ বিষয়ে গাইবান্ধার পুলিশ প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর সরকারি ত্রাণ পাঠানো হবে জেলা প্রশাসনের মাধ্যমে।
গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাঁওতালদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম প্রমুখ। সাঁওতালদের প্রতিনিধি হিসেবে ছিলেন ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির নেতা ফিলিমিন বাস্কে, শাহজাহান আলী প্রধান, স্বপন মিয়া, গণেশ মরমু প্রমুখ।
বৈঠক সূত্র জানায়, ওবায়দুল কাদের সাঁওতাল প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ত্রাণ প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া। এটা প্রত্যাখ্যান করা ঠিক হয়নি। জবাবে সাঁওতাল নেতারা বলেন, যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গুলি হলো, মানুষ মেরে ফেলা হলো, সেই ইউএনওর হাত দিয়ে ত্রাণ বিতরণ মশকরা ছাড়া আর কিছুই না। ইউএনওর হাত দিয়ে তাঁরা ত্রাণ নেবেন না। পরে বৈঠক থেকেই জেলা প্রশাসককে ফোন দিয়ে তাঁর মাধ্যমে ত্রাণ বিতরণের নির্দেশ দেওয়া হয়। আজ বুধবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ত্রাণবাহী গাড়ি সেখানে যাবে।
সাঁওতাল প্রতিনিধিরা অভিযোগ করেন, সহিংসতার ঘটনায় পুলিশ পাঁচটি মামলা করেছে। সবাই পালিয়ে বেড়াচ্ছে। নারীরা অসহায় অবস্থায় আছে। পুলিশের ভয়ে তাঁরা মামলা করতে পারছেন না। পুলিশ মামলা নিচ্ছেও না। এ সময় আওয়ামী লীগের নেতারা গাইবান্ধার পুলিশ সুপারকে ফোন করেন। পুলিশ সুপার জানান, কেউ মামলা করতে যাননি। গেলে অবশ্যই মামলা নেওয়া হবে।
বৈঠক সূত্র জানায়, প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহমেদের ইন্ধনে সাঁওতালদের ওপর হামলা হয়েছে। সাংসদ হাতমাইক দিয়ে গুলি করার কথা বলেছেন। এর প্রমাণ তাঁরা দিতে পারবেন। ভিডিও ফুটেজ ও ছবিও রয়েছে।
বৈঠকে উপস্থিত আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ও সম্মানজনক সমাধান করা হবে। তবে আমরা বলেছি, পুলিশের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। আটকদের ছেড়ে দিতে হবে। আমাদের পক্ষ থেকেও মামলা নিতে হবে। ওবায়দুল কাদের বলেছেন, মামলা করতে বাধা নেই। আজ-কালের মধ্যেই আমরা মামলা করব।’