পুলিশ যাওয়ার আগেই বাসা থেকে পালালেন প্রধান আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত বুধবার আদালত প্রাঙ্গণে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জসিম উদ্দিন তাঁর বাসায় পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে পালিয়েছেন। বুধবার ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া পাঁচজনের রিমান্ডের আবেদনের শুনানির দিন আগামী রোববার ধার্য করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পুলিশ বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরের সুগন্ধা এলাকায় এই মামলার এক নম্বর আসামি জসিম উদ্দিন ওরফে সিএনজি জসিমকে গ্রেপ্তারের জন্য তাঁর বাসায় অভিযান চালায়। কিন্তু পুলিশ ওই বাসায় ঢোকার কয়েক মিনিট আগেই জসিম মুখ ঢেকে পালিয়ে যান। পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ধারণা করছেন, পুলিশের মাঠ পর্যায়ের কোনো সদস্য এই অভিযানের তথ্য ফাঁস করেছেন। এ কারণে এ মামলার আর কোনো আসামি গ্রেপ্তার হননি।চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি বিভাগের সহকারী কমিশনার জেদান আল মুসা প্রথম আলোকে বলেন, ‘সিএনজি জসিমের বাড়িতে পুলিশের অভিযানের কয়েক মিনিট আগে বাসা থেকে তাঁর পালানোর বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।’ফটিকছড়ি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর জামিনের আবেদন বুধবার আদালত নামঞ্জুর করেন। ওই দিন আদালত প্রাঙ্গণে আসা সাকা চৌধুরীর সমর্থকেরা মিছিল করেন এবং একপর্যায়ে রাষ্ট্রদ্রোহ মামলার প্রথম বাদী আবু তাহেরউদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সহকারী কমিশনার জেদান আল মুসার ওপর হামলা চালান। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির প্রত্যেককে গতকাল পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালত রোববার শুনানির দিন ধার্য করেছেন।১৫ আগস্ট নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে নগরের বাদুড়তলার শুলকবহরের বাসিন্দা আবু তাহেরউদ্দিন দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় চট্টগ্রামের আদালতে একটি মামলা করেছিলেন। ওই মামলার ১৩ মাস পর গত বছরের ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।সাধারণ ডায়েরি: আবু তাহেরউদ্দিন তাঁর ওপর হামলার চেষ্টার ঘটনায় বুধবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী ওরফে ফাইয়াজ, ছোট ছেলে হুমাম কাদের চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করেন।