পুলিশ রহস্য উদ্ঘাটন করতে না পারায় পূজা কমিটির উদ্বেগ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরির ঘটনার আট দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এ ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় উদ্বিগ্ন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা কমিটি। গতকাল শনিবার সকালে মন্দির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। গত ৮ জানুয়ারি রাতে সংঘটিত চুরির ঘটনায় প্রতিমার ২০০ ভরি স্বর্ণালংকার খোয়া যায়। পরদিন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা চকবাজার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। এরপর মন্দিরের প্রহরী আনিসকে পুলিশ গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের কোনো হদিস করতে পারেনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বীরেশ চন্দ্র সাহা। এতে বলা হয়, রাজারবাগে বরদেশ্বরী কালীমন্দির, ওয়ারীর জয়কালী মন্দির, নারায়ণগঞ্জে বালাজোড় আখড়া মন্দির, টানবাজার আখড়া মন্দির, বলদেব আখড়া মন্দির, গৌর নিতাই আখড়া মন্দির, মুন্সিগঞ্জের জয় কালীমাতা মন্দির, আবদুল্লাপুর শ্মশানকালী মন্দির, মীরকাদিম মদন মোহন মন্দির ও চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠাছড়া মহামায়া মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনা পূজা কমিটির নেতাদেরসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রস্ত করে তুলছে। জাতীয় মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণালংকার চুরির রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটিত না হওয়ায় দেশবাসী হতাশ। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ঘটনার পর মন্দিরের প্রহরী আনিসকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার রাতে পুলিশের তিনজন সদস্য দায়িত্ব পালন করেছেন। তাঁদের একজনও কেন এই ঘটনা টের পেলেন না, এটিও একটি প্রশ্ন। কিন্তু এ বিষয়টি কোথাও উল্লেখ করা হচ্ছে না। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তিনি। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ এবং পূজা উদ্যাপন পরিষদের নেতা তাপস কুমার পাল, জয়ন্ত সেন, জয়ন্ত কুমার দেব, নির্মল চ্যাটার্জি, কাজল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সূত্র জানায়, চুরির সঙ্গে সংশ্লিষ্ট আর কোনো ব্যক্তিকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। তবে মন্দিরের আরেক প্রহরীকে খোঁজা হচ্ছে। ওই প্রহরী চুরির দিন থেকে এখন পর্যন্ত নিখোঁজ। গ্রামের বাড়িতে গিয়ে পুলিশ তাঁর বাড়ি তালাবদ্ধ দেখতে পেয়েছে। তাঁদের ধারণা, ওই প্রহরীকে খুঁজে পেলে চুরির ঘটনার অনেক জট খুলে যাবে। ১৭ জানুয়ারি পূজা: ১৭ জানুয়ারি শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রতিমায় পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মন্দির কমিটির নেতারা শাস্ত্রজ্ঞ ও বিশিষ্ট ধর্মীয় নেতাদের সঙ্গে মূল প্রতিমায় পূজা অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছেন। আলোচনা শেষে ওই দিনটি ধার্য করা হয়। চুরির পর থেকে মূল প্রতিমায় পূজা বন্ধ রাখা হয়।