
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড্রেন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে নিহত মোতালেব হোসেনের রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালও পুলিশ হেফাজতে রাখা হয়।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশের ড্রেন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেনের লাশ উদ্ধার করা হয়। তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তঁার চাচা বশির উদ্দিন মতিহার থানায় হত্যা মামলা করেছেন।
মোতালেব নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান গতকাল শুক্রবার জানান, মোতালেবের পরিবারের দায়ের করা হত্যা মামলার ভিত্তিতেই তদন্ত হচ্ছে। লাশ পাওয়ার পরই মোতালেবের এক সহপাঠী, এক রুমমেট ও হলের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। রাতে রুমমেট ছাড়া তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
লাশ পাওয়ার পর কয়েকজন সহপাঠী ও পরিবারের পক্ষ থেকে বলা হয়, মোতালেব একবার অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছিলেন। মোতালেব যাঁদের হয়ে পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা কোনো কারণে সম্প্রতি হুমকিও দিচ্ছিলেন বলে ধারণা করা হয়।
ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, স্থানীয় লোকজন বলেন, দুর্গাপূজার ছুটিতে মোতালেব ঝিনাইদহে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। একদিন তাঁকে মুঠোফোনে কারও সঙ্গে উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ‘আমি বিশ্ববিদ্যালয়ে আসছি দেখি তোরা কী করতে পারিস।’
অন্যের হয়ে পরীক্ষা দেওয়া নিয়ে সম্ভাব্য বিরোধের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, ‘তদন্ত চলছে। আমরা এই বিষয়ে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছি।’