তিন প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় আদালতের নির্দেশে আজ সোমবার তিনটি অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা পড়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাব ও সাত সদস্যের তদন্ত কমিটি তাদের অগ্রগতি কার্যক্রম জানিয়ে প্রতিবেদন দিয়েছে।

দুপুরে জমা হয় আইজিপি ও র‌্যাবের প্রতিবেদন

আজ দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক প্রথম আলোকে জানান, ৪ জুন আইজিপি ও র‌্যাবের অগ্রগতি কার্যক্রমের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। তিনি বলেন, কার্যক্রমের অগ্রগতি জানিয়ে আইজিপি ও র‌্যাব কর্তৃপক্ষের প্রতিবেদন হাতে এসে পৌঁছেছে। ৪ জুন হলফনামা আকারে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। তিনি জানান, ওই ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদন আসার অপেক্ষায় রয়েছে।

বিকেলে প্রতিবেদন দেয় সাত সদস্যের তদন্ত কমিটি

বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হকের কাছে প্রতিবেদনটি দেন।

পরে কমিটির সদস্য মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, তদন্ত কার্যক্রমের অগ্রগতিবিষয়ক প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্ত চূড়ান্ত করতে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে। তিনি জানান, ৩২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, শেষ পর্যায়ে রয়েছে।

গত ১৫ মে হাইকোর্ট তদন্তে গঠিত কমিটিসহ বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন ৪ জুনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।

৫ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। এতে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো গাফিলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততা আছে কি না, এ বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া এ ঘটনায় করা মামলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ও সাক্ষীদের নিরাপত্তা দিতে আইজিপিকে নির্দেশ দেন।

অপহরণের পর খুনের ঘটনায় নিহত সাতজনের মৌলিক অধিকার রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে বিবাদীদের ব্যর্থতা চ্যালেঞ্জ করে ১১ মে হাইকোর্টে রিট করা হয়।

২৭ এপ্রিল দুপুুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে ছয়জনের মরদেহ। পরদিন আরেকজনের লাশ ভেসে ওঠে। বাকি পাঁচজন হলেন কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, লিটন ও নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আরেকটি গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।