পুলিশ-র‍্যাবের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘ আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ, র‍্যাবসহ বাহিনীর অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের মধ্যে বিরোধ দেখা দিলে সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। একই সঙ্গে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে এখতিয়ারের বাইরে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম অধিবেশনে আইজিপি কর্মকর্তাদের এই নির্দেশ দেন। সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইজিপির সভাপতিত্বে দিনব্যাপী এই সভায় র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ ও র‍্যাবের মধ্যে সাম্প্রতিক মতভিন্নতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় কয়েক দিন ধরে লেখা হচ্ছে। তবে আমি মনে করি, র‍্যাব-পুলিশ উভয়ই ভালো করছে। তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।’

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, ছাড় দেওয়া যাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকালের সভার একটা বড় সময় পুলিশ ও র‍্যাবের মধ্যকার বিভিন্ন মতভিন্নতা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নিহত সারোয়ার জাহান ‘নব্য জেএমবি’র প্রধান কি না এবং ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার জন্য কারা দায়ী—এ প্রসঙ্গে র‍্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট নিজ নিজ অবস্থানে অনড় ছিল।

এর আগে ২১ অক্টোবর র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, ২৬ আগস্ট দিবাগত রাত দুইটায় তামিম চৌধুরী খুদে বার্তার মাধ্যমে নারায়ণগঞ্জে তাঁর আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর কথা জানান সারোয়ার জাহানকে। এ প্রসঙ্গে গতকালের সভায় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ২৭ আগস্ট ভোর ছয়টার দিকে নারায়ণগঞ্জে তামিম চৌধুরীকে কাউন্টার টেররিজমের সদস্যরা ঘিরে ফেলেন। এর আগে রাত দুইটায় ‘তাগুত’ (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জঙ্গিরা এ নামে অভিহিত করে) এসেছে বলে তামিম চৌধুরী ওই সারোয়ার জাহানকে খুদে বার্তা পাঠিয়েছেন, এটা ঠিক নয়। জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে কাউন্টার টেররিজম ইউনিট যা বলছে, সেটাই সত্য।

এ ছাড়া সিজার তাবেলাসহ ২২টি হামলা নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহানের নেতৃত্বে পরিচালিত হয়েছে—এমন তথ্য সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, এমন বক্তব্যে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

সভায় র‍্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেন, তিনি তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলেছেন। তিনি বলেন, কোনো বিষয়ে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে পুলিশ ও র‍্যাবের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিলে কেউ আর কোনো বাহিনীর কথাই বিশ্বাস করবে না।

র‍্যাব যাঁকে নব্য জেএমবির প্রধান বলছে, তাঁকে মনিরুল ইসলাম বলেছেন তৃতীয় সারির নেতা—এ বিষয়ে গতকাল সকালে সচিবালয়ে র‍্যাবের ডিজিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘এটা যে বলেছে তার কাছে যেতে হবে। এই ফাঁদে আমি পা দেব না। হি ইজ মাই জুনিয়র। আমার অতি স্নেহের অফিসার। সে যেটা করেছে, তার কাউন্টার আমি আমার দিক থেকে দেব না। আমি যেটা মিডিয়াকে বলেছি, সেটা তথ্য-প্রমাণের ভিত্তিতে বলেছি।’

সভা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পুলিশের বিরুদ্ধে উত্থাপিত ছয়টি অভিযোগের কথা উল্লেখ করেন র‍্যাবের ডিজি। তিনি র‍্যাব সদস্যদের ‘কালো পোশাক’ নয়, ‘সহকর্মী’ হিসেবে দেখতে অনুরোধ করেন। বেনজীর আহমেদ বলেন, র‍্যাবকে প্রতিপক্ষ ভাবা যাবে না। দুটো অংশের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে। তবে তা হতে হবে ন্যায্য ও ইতিবাচক, বিরোধে যাওয়া ঠিক হবে না।

সিরাজগঞ্জে উল্টো দিক থেকে গাড়ি নিয়ে আসায় পুলিশ র‍্যাব সদস্যদের মারধর করেছে—এই অভিযোগের কথা তুলে বেনজীর আহমেদ বলেন, পুলিশের অনেক গাড়ি প্রতিদিন উল্টো পথে যায়। তাদের বেলায় এমন ঘটনা ঘটার নজির নেই। র‍্যাব হচ্ছে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি ইউনিট, যার নেতৃত্বে আছেন একজন পুলিশ সদস্য। তিনি পুলিশ সদস্যদের তাঁর জায়গায় নিজেদের রেখে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইজিপি বলেন, র‍্যাব ও পুলিশ একই পরিবারভুক্ত। দুটি বিভাগের মধ্যে বিবাদ থাকা ঠিক নয়। কোনো ঘটনা ঘটলে মাঠপর্যায়েই বিরোধ নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি। সেখানে নিষ্পত্তি না হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোরও নির্দেশ দেন। তিনি জানান, র‍্যাবের ডিজির উত্থাপিত অভিযোগ খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখতিয়ারভুক্ত নয়, এমন কোনো বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়ে আইজিপি শহীদুল হক বলেন, কথাবার্তায় পেশাদারত্ব থাকতে হবে। পুলিশের যে ‘মিডিয়া গাইডলাইন’ আছে সেটি মেনে চলতে হবে, নইলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। আইজিপি মাঠপর্যায়ে র‍্যাব ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে নৌবাহিনী ও কোস্টগার্ডের মধ্যে সমন্বয় বাড়াতে বলেছেন।

জানতে চাইলে আইজিপি শহীদুল হক রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই পুলিশ পরিবারের সদস্য। আমাদের লক্ষ্য এক। আমাদের সুদৃঢ় বন্ধন, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। আমি এ বিষয়ের ওপর জোর দিয়েছি।’