পুলিশ লাইনের সামনে ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরে প্রকাশ্যে অস্ত্রের মুখে অটোরিকশার যাত্রী এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার মীরের ময়দান এলাকায় পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ চালকসহ অটোরিকশাটি আটক করেছে। ওই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছে সাত লাখ টাকা ছিল।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জের রড-সিমেন্টের ব্যবসায়ী আবদুল মালেক মালামাল কেনার জন্য সাত লাখ টাকা নিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশায় করে নগরে আসছিলেন। বেলা ১১টার দিকে পুলিশ লাইনের (ব্যারাক) প্রধান ফটকে পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলযোগে চারজন ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করে। একপর্যায়ে তারা রিভলবার তাক করে ব্যবসায়ী মালেকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এ সময় মালেক বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে মারধর করে পালিয়ে যায়। পরে ব্যবসায়ী মালেক ওই অটোরিকশাযোগে সিলেট কোতোয়ালি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ অটোরিকশাটি জব্দ এবং চালক জয়নাল আবেদীনকে (২০) আটক করে থানা হাজতে সোপর্দ করেছে।আবদুল মালেক প্রথম আলোকে জানান, তাঁর গন্তব্য ছিল কালীঘাট। যাওয়ার পথে দুজন যাত্রী ওঠে। ওই দুজন যাত্রীসহ চালকও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, ব্যবসায়ীর লিখিত অভিযোগকে মামলা হিসেবে নেওয়ার প্রস্তুতি চলছে।