ডিপ্লোমা শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীরা তাঁদের দুই দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করেন।
এদিকে ফেনীতে গতকাল ডিপ্লোমা শিক্ষার্থী-পেশাজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ এবং কমপক্ষে ২৫টি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ১০ জন আহত হন।
আন্দোলনকারীরা চট্টগ্রাম নগরের হালিশহর বড় পোল এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রখেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘বন্দরগামী সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনুরোধে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি সংক্ষিপ্ত করে সড়কটি ছেড়ে দেন। এতে আবার যান চলাচল স্বাভাবিক হয়।’
এ ছাড়া ষোলশহর ২ নম্বর এলাকায় বেলা ১১টা থেকে আধা ঘণ্টা ডিপ্লোমা শিক্ষক-শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. হেদায়েত উল্লাহ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।’
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের চট্টগ্রাম জেলার আহ্বায়ক মো. জালাল উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড় পোল এলাকায় সড়ক অবরোধ করেছি। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’
প্রসঙ্গত, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত সড়ক অবরোধের কর্মসূচি ছিল।
চট্টগ্রামের দুটি স্থানে সড়ক অবরোধ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, হালিশহর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজ, ডেফোডিল পলিটেকনিক, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ও ন্যাশনাল পলিটেকনিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে ছাত্র-পেশাজীবীরা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তাঁরা ফেনী সদর হাসপাতাল মোড়ে সড়ক অবরোধ করেন। এরপর আন্দোলনকারীরা শহরের ট্রাংক রোডে গিয়ে একটি গাড়ি ভাঙচুর করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশের ধাওয়ার মুখে তাঁরা পিছু হটে হাসপাতাল মোড়ে এসে অবস্থান নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা কমপক্ষে ২৫টি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতাল মোড় ও পলিটেকনিক এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের আবারও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব ২৭টি কাঁদানে গ্যাসের শেল ও ৪৩টি শর্টগানের গুলি ছোড়ে। এ সময় ফেনী-পরশুরাম ও ফেনী-ছাগলনাইয়া সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সূত্র জানায়, এ ঘটনায় কমপক্ষে ১০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার কাঁদানে গ্যাসের শেল ও শর্টগানের গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করে। পরে সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।