পুলিশ-শিবির পাল্টাপাল্টি ধাওয়া সাতজন আটক
লক্ষ্মীপুর শহরের থানা রোডে গতকাল মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাভারের রানা প্লাজার ঘটনায় নিহত ব্যক্তিদের সঞ্চরণে জামায়াত-শিবির গতকাল সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর শহরে একটি শোক র্যালি বের করে। পরে দক্ষিণ তেমুহনীতে সমাবেশ করে। সমাবেশ শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চলে যাওয়ার সময় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা অফিসের সামনে পৌঁছালে অতর্কিতে তাঁদের ওপর হামলা করা হয় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয় থেকে। এ ঘটনার জের ধরে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হককে ধাওয়া করলে তিনি দৌড়ে সদর থানায় অবস্থান নেন। পরে শিবিরের নেতা-কর্মীরা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘আমাদের অফিসের সামনে দিয়ে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি লেখা কয়েকটি ফেস্টুন নিয়ে যাওয়ার সময় আমরা কয়েকজন শিবির কর্মীকে ধরে পুলিশে দিয়েছি।’