পুলিশ-শ্রমিক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ায় গতকাল সংঘর্ষের একপর্যায়ে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ  ছবি: প্রথম আলো
আশুলিয়ায় গতকাল সংঘর্ষের একপর্যায়ে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ছবি: প্রথম আলো

মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবারও ঢাকার আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন শ্রমিকসহ কমপক্ষে ৮০ জন। এ পরিস্থিতিতে আজ বুধবার আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক-শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

গতকাল বিকেলে বিজিএমইএর সম্মেলনকক্ষে আশুলিয়ার পোশাক কারখানার মালিকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় শতাধিক কারখানার মালিক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সাবেক সভাপতি এবং পোশাক কারখানার মালিকদের আশুলিয়া জোনের আহ্বায়ক আব্দুস সালাম মুর্শেদী।

সভা শেষে আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, নিরাপত্তাজনিত কারণে আজ আশুলিয়া জোনের সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকেরা আন্দোলন করলেও মজুরি বোর্ড প্রস্তাবিত বেতনকাঠামো মেনে নেওয়া সম্ভব নয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ ড্রেসেজ, ঘোষবাগ এলাকার মেডলার, নরসিংহপুরের হা-মীম ও অনন্ত গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে এসে কাজে যোগ না দিয়ে বেরিয়ে পড়েন। তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের উভয় পাশের কারখানাগুলোতে ছুটি ঘোষণার জন্য বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ওই সব কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে সকাল নয়টার মধ্যে ওই এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক হাজার শ্রমিক আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। জামগড়া এলাকায় শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এর পরই ইউনিক, বাংলাবাজার, নরসিংহপুর ও জিরাব এলাকায় দুই পক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবদুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সংঘর্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এদিকে আশুলিয়ার জিরানী ও কবিরপুর এলাকার পাঁচটি কারখানার শ্রমিকেরাও কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়লে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এ সময় আশপাশের আরও কয়েকটি কারখানায়ও ছুটি দেওয়া হয়।

জিরাব-বিশমাইল সড়কের পাশে কাঠগড়া ও পুকুরপাড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা দুপুর ১২টার দিকে কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে পড়েন। এ সময় আশপাশের আরও অন্তত ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুনবাজার এলাকার এসএম নিটওয়্যার কারখানার শ্রমিকেরা গতকাল কর্মস্থলে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিজ্ঞপ্তি দেখে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকদের ওপর অতর্কিতে হামলা চালানো হলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এতে ১০-১২ জন শ্রমিক আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকার ডিবিএল, মিতালী, আলিম, ডেল্টা, জিএমএসসহ ২০টি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ-ভাঙচুর শুরু করলে ওই সব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাশিমপুর-কোনাবাড়ী সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দারা এলাকার ফারইস্ট নিটিং ডাইং ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার ছাঁটাই করা ছয় শ্রমিককে পুনর্বহালের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছেন শ্রমিকেরা। কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় শ্রমিকেরা গতকাল সকালে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ের উত্তেজিত শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। শ্রমিকদের হামলায় কারখানার অন্তত ১৫ জন কর্মচারী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করেন, মজুরি বোর্ডঘোষিত বেতনকাঠামো বাস্তবায়ন করার দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। কিন্তু শ্রমিকদের এই আন্দোলনকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে জামায়াত-শিবির ও বিএনপি। শ্রমিকদের মিছিলে যোগ দিয়ে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা নানা উসকানিমূলক স্লোগান দিচ্ছেন।
জানতে চাইলে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, শ্রমিক আন্দোলনের পেছনে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারা বিষয়টি মাথায় রেখেই কাজ করছেন।