পুলিশ-শ্রমিক সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নারীশ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সিনহা গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা পুলিশের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন এবং যানবাহন ভাঙচুর করেন। এ ঘটনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ২০ পুলিশ ও ৩০ জন শ্রমিক আহত হন। ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, গতকাল সকাল ১০টায় ঢাকা থেকে রূপগঞ্জের গাউছিয়াগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাঁচপুরে সিনহা গ্রুপের কারখানার সামনে ওই কারখানার নারীশ্রমিক সাহিদাকে (২২) ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পথচারী ও অন্য শ্রমিকেরা আহত সাহিদাকে সিনহা গ্রুপের নিজস্ব হাসপাতালে ভর্তি করেন। এ সময় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে আহত সাহিদা মারা গেছেন। পরে কাজ বন্ধ করে পাঁচ-ছয় হাজার শ্রমিক একসঙ্গে রাস্তায় নেমে এসে নির্বিচারে যানবাহন ভাঙচুর করতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও আত্মরক্ষার জন্য ১৫০ রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালীন সময় শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ব্যাপক ভাঙচুর করে বিভিন্ন পণ্যসামগ্রী লুটপাট করে নিয়ে যান এবং পুলিশ ক্যাম্পের পাশে পার্কিং করে রাখা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আলেক খানের একটি মোটরসাইকেল পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষের পর নারায়ণগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সিনহা গ্রুপের সব কারখানা এক দিনের জন্য ছুটি দিয়ে শ্রমিকদের চলে যেতে বলা হয়। এরপর শ্রমিকেরা চলে যান। ঢাকা-সিলেটগামী মিতালী পরিবহনের চালক আজিজ মিয়া জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা নির্বিচারে শত শত যানবাহন ভাঙচুর করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, এ ঘটনায় ২০ জন পুলিশ আহত হয়েছে। পুলিশ ১৫০টি গুলি ও ১১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। আমির হোসেন নামের একজন শ্রমিক জানান, আহত সাহিদা ভালো আছেন। সংঘর্ষে তাঁদের ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।