পুলিশ-শ্রমিক সংঘর্ষ ১৮ জন আহত
কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা টার্মিনালের অদূরে বাসে ওঠাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ৫০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচ শ্রমিককে আটক করেছে পুলিশ। পরে কিশোরগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শী, বাসশ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের পুলিশ লাইন এলাকায় ঢাকাগামী একটি বাসে এক পুলিশ সদস্য উঠতে গেলে চালকের সহকারী বাধা দেন। এ নিয়ে প্রথমে তর্কাতর্কি ও একপর্যায়ে পুলিশ সদস্যকে কিল-ঘুষি মারেন ওই সহকারী। খবর পেয়ে পুলিশ এসে ওই সহকারীকে মারধর করে পুলিশ। এ খবর টার্মিনালে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বাসের কাউন্টার বন্ধ করে দেন। এ সময় যাত্রীসহ ১০টি বাস সড়কে ব্যারিকেড দিয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ঢাকা সড়ক বন্ধ করে রাখা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ সময় কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শ্রমিকদের পক্ষ নিলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পরে কাঞ্চনকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনাস্থলে গিয়ে ঘটনার মীমাংসার চেষ্টা করেন। এ সময় বাসস্ট্যান্ডে পুলিশের ওপর শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে শ্রমিকদের লাঠির আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি গুলি ছোড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। এ সময় পুলিশ পাঁচ শ্রমিককে আটক করে।
ঢাকাগামী যাত্রী কামাল মিয়া, আবদুস সাত্তার, মেহফুজা হকসহ ৫০ যাত্রী জানান, তাঁরা টিকিট করে বাসে ওঠার পর শ্রমিকেরা টিকিটের টাকা ফেরত না দিয়ে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ করে দেন।
ওসি আবদুল মালেক জানান, শ্রমিকরা পুলিশকে পিটিয়েছেন। শ্রমিকদের হামলায় ৮-১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাধ্য হয়ে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
জাতীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব ওসমান আলী জানান, শ্রমিকদের ওপর নির্বিচারে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কাঞ্চনের দাবি, পুলিশের পিটুনিতে ১০ শ্রমিক আহত হয়েছেন।