ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনার ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬৭ দিনে সারা দেশে অন্তত ৫৯৯ জন নিহত হলেন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহ আলম (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল শাহ আলম মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পিকআপ ভ্যানের চালক ছিলেন। রাতে সড়কে টহল শেষ করে বাসায় ফেরার সময় পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে রংপুর-বগুড়া মহাসড়কে তাঁকে একটি ট্রাক চাপা দেয়। পরে তিনি হাসপাতালে মারা যান।
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নাইম শেখ (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম বলেন, গতকাল দুপুরে বিদ্যালয়ের ক্লাস বিরতির সময়ে চারজন শিক্ষার্থী বিদ্যালয়ের পাশের সড়কে খেলা করছিল। এ সময় একটি ইটবোঝাই নছিমন নাইমকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কাকলি খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা বলেন, গতকাল সকালে শহরের কলারহাট এলাকায় একটি ট্রাক কাকলি খাতুন ও নুরুন্নাহারকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কাকলি খাতুন মারা যান।
নেত্রকোনার দুর্গাপুর পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে জিগাতলা এলাকায় একটি ইটভাটার সামনে একটি অটোরিকশা উল্টে গেলে অটোরিকশার যাত্রী আবদুল গণি (৫২) অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা লেগে মারা যান।
ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জুলহাস বিশ্বাস (৪৮) নিহত হন। এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় মাখন রায় (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় সুতলিয়া গ্রামের মাখন রায় সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন। এ সময় খড়বোঝাই একটি ভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল বিকেলে বাসের ধাক্কায় জানে আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি উপজেলার গুলিয়াখালী গ্রামে।