পুলিশ সদস্য বরুণের শেষকৃত্য সম্পন্ন বাড়িতে মানুষের ঢল
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য বরুণের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের দক্ষিণ বাপ্তা গ্রামের বাড়িতে গত শুক্রবার রাত আটটায় পুলিশ সদস্য বরুণের মরদেহ পৌঁছালে শত শত মানুষ তাঁকে একনজর দেখার জন্য ভিড় করে। শুক্রবার রাত নয়টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।শুক্রবার রাতে বরুণের বাড়িতে গেলে চারদিকে কয়েকটি ঘরের মাঝখানের উঠানে মাতম চোখে পড়ে। দেখা যায়, বরুণের বৃদ্ধ মা সিতা রানী দে (৬৫) কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। পক্ষাঘাতগ্রস্ত বাবা পাঁচুলাল দে (৭০) শোকে পাথর হয়ে গেছেন। স্বামীর এমন মৃত্যুতে কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছেন বরুণের স্ত্রী শিলা রানী দে (২৬)। সবার মাঝখানে শুধু বরুণের পাঁচ বছরের মেয়ে সিনতী রানীই বুঝতে পারছে না কী ঘটে গেছে। জানে না তাঁর বাবা চলে গেছে না ফেরার দেশে। বাবা ডিউটিতে গেছে বলে জানায় সিনতী। বরুণদের বাড়ির সামনে একটি পুকুর। পুকুরপাড়ে পারিবারিক শ্মশান। সেখানে রাত সাড়ে নয়টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।গ্রামবাসী জানান, বরুণ গ্রামের সবার কাছেই ছিলেন খুব প্রিয়। পুলিশে চাকরি করলেও ছুটি নিয়ে গ্রামের বাৎসরিক নাম-কীর্তনে আসতেন। ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম বলেন, ‘বরুণ ভালো ক্রিকেট ও ফুটবল খেলত। ভাবতেই পারছি না, বরুণ আজ নেই।’খুলনা নগরে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য বরুণ কুমার দে (৩০) নিহত হন।