পুলিশ সদস্য, শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছায় গত সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান ও নছিমনকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে শিশুসহ দুজন নিহত হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য এবং কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় চালকসহ দুজন নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: গত সোমবার পাইকগাছা উপজেলার গদাইপুর মোড় অতিক্রম করার সময় দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনকে চাপা দিয়ে একটি দোকানে ঢুকে যায়। এ সময় নছিমনের ওপর বসে থাকা গদাইপুরের রাশেদুল গাজী (১২) ঘটনাস্থলেই মারা যায়। ভ্যানচালক শ্যামনগর উপজেলার আসমত সরদারসহ ১৫ জন আহত হন। পরে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আসমত (৪৪) মারা যান।
ফরিদপুর: সোমবার দিবাগত রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. জাফর মিয়াকে (৫৮) চাপা দেয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সাধুহাটি গ্রামে।
কুষ্টিয়া: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার শিমুলতলা এলাকায় সোমবার দিবাগত রাত তিনটার দিকে একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকের চালক মাসুদ রানা (২৮) ও প্রতিষ্ঠানটির কর্মী খোকন শেখ (৩২) তাৎক্ষণিক রাস্তায় নেমে মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে চালবাহী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। খোকন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের ও মাসুদ কুষ্টিয়া শহরতলির মিলপাড়া এলাকার বাসিন্দা।