পুলিশ সদস্যকে পিটিয়েজখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাওয়া করে সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালামকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সিলেটে ছাত্রশিবিরের ডাকে সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে সকাল সাতটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমানে এ ঘটনা ঘটে।
একই দিনে সাতক্ষীরার নলতায় আওয়ামী লীগের দুই কর্মী ও এক সেনাসদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন অবরোধকারীরা। রাজশাহীতে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন অবরোধকারীরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব প্রথম আলোকে জানান, বাঁশ ও ইটপাটকেল দিয়ে আঘাত করায় কালামের মাথায় গুরুতর জখম হয়েছে। তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া সাতটার দিকে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলামের নেতৃত্বে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় মিছিল করার সময় একটি লেগুনায় করে কয়েকজন পুলিশ সদস্য সেখানে আসেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে পুলিশ শিবিরের এক কর্মীকে আটক করে লেগুনায় তোলার সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশকে ধাওয়া করে।
পুলিশের দলটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করলেও এএসআই কালাম একা হাসপাতালের ক্যানটিনে গিয়ে আশ্রয় নেন। সেখানে থাকা জামায়াত-শিবিরের একটি দল তাঁকে ধরে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। পরে বাঁশ দিয়ে তাঁকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
গুলি করে প্রতিরোধ: নগরের রায়নগর এলাকায় বেলা দেড়টার দিকে শিবিরের কর্মীরা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ স ম রাশেদের বাসার সামনে বেসিক ব্যাংকের কাচ ভাঙচুর করে পেট্রলবোমা ফেলে বাসায় আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় রাশেদ ও তাঁর বড় ভাই ইরফান আহমদ ওরফে মাসুম দুটি পিস্তল নিয়ে উঠানে দাঁড়িয়ে হামলাকারীদের গুলি করলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। এতে কামরুল ও সায়েম নামে শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রাশেদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)।
বেলা দুইটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামে আওয়ামী লীগের কর্মী গিয়াসউদ্দিন (৩০) ও খোকন আলীকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যান অবরোধকারীরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রায় একই সময়ে কলারোয়া থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় আসার পথে মথুরাপুর এলাকায় সেনাসদস্য ল্যান্স নায়েক এস এম জলিলুর রহমানকে (৩৫) পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে জখম করেন অবরোধকারীরা। সন্ধ্যার পর কলারোয়া পৌর এলাকার মুরারীকাঠি এলাকায় আওয়ামী লীগের চার কর্মীর বাড়ি লুপাট ও দুজনের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। প্রায় একই সময়ে সদর উপজেলার বাধনডাঙ্গা এলাকায় আবু সাইদ নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করে দূর্বত্তরা।
সুপ্রিম কোর্টে কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পরপরই রাজশাহী নগরের সবজিপাড়া এলাকা থেকে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় সবজিপাড়ার গলির মধ্যে এক যুবককে স্কুলব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করতে দেখা যায়। পুলিশ আসতে দেখে তারা পালিয়ে যায়।
এ ঘটনার পরপরই সোনাদিঘির মোড়ে মনিচত্বর এলাকায় ছাত্রশিবির রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাজশাহী কলেজের দিক থেকে পুলিশের একটি গাড়ি আসতে দেখে তারা ধাওয়া করে। পুলিশ গাড়িটি পিছিয়ে নিয়ে গিয়ে রাজশাহী কলেজের মহিলা হোস্টেলের কাছে রেখে নেমে যায়। এরপর শিবিরের কর্মীরা দেশলাই জ্বালিয়ে গাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন। আগুন না ধরলে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলেন। পুলিশ দূরে দাঁড়িয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে। কিছুক্ষণ পর পুলিশের সাঁজোয়া যান আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এসে ধাওয়া দিলে শিবির ছত্রভঙ্গ হয়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, সংঘর্ষের পর পুলিশ ছয়জনকে আটক করেছে।