পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল সোমবার রংপুর ও বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রংপুরে প্রগতিশীল ছাত্রজোট বেলা ১১টার দিকে প্রেসক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা বলেন, এ হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) রংপুর জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মাহমুদ হোসেন, ছাত্র ফেডারেশনের জেলা যুগ্ম আহ্বায়ক গোপাল রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ।
বরিশালে বিক্ষোভ সমাবেশ করেন জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। সকাল ১০টার দিকে অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, নারী পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশ সদস্যরা নারী কর্মীদের গলা ধাক্কা ও মারধর করেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের নির্মম হামলা দেখে মনে হচ্ছে, পুলিশ যৌন নিপীড়নকারীদের পক্ষ অবলম্বন করছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম’-এর ব্যানারে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের ওপর ঘৃণ্য যৌন নিপীড়নের ঘটনায় চিহ্নিতদের গ্রেপ্তারে একদিকে পুলিশের গড়িমসি দেখা যাচ্ছে। অন্যদিকে এই বর্বরতার বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। স্বাধীন দেশের জন্য এটি একটি অশনিসংকেত।
সমাবেশে বক্তারা দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, যে সাম্প্রদায়িক শক্তি পয়লা বৈশাখ ও নারী জাগরণের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, তাদেরই সহায়ক হিসেবে ওই পুলিশ সদস্যরা ভূমিকা পালন করেছেন।