চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর আক্রমণাত্মক আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবি করেছেন দেশের ১৫ বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে তাঁরা এ বাহিনীর সদস্যদের জন্য মানবাধিকার বিষয়ে যথাযথ প্রশিক্ষণের সুপারিশ করেছেন। সম্প্রতি রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণাত্মক আচরণের ঘটনায় গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে তাঁরা এই সুপারিশ করেন। বিবৃতিতে বলা হয়, প্রাথমিক শিক্ষকেরা আন্দোলনের শেষ ধাপ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করতে চেয়েছিলেন, যা গণতান্ত্রিক সমাজের সর্বস্বীকৃত রীতি। কিন্তু পুলিশ তাঁদের গতিবিধি রুদ্ধ করতে চেয়েছে অত্যন্ত সহিংস প্রক্রিয়ায়।বিশিষ্ট নাগরিকেরা আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগের অভাব যেমন আমাদের হতাশ করেছে, তেমনি পুলিশের অহেতুক মারমুখী আচরণ প্রকৃতপক্ষে দেশের শিক্ষক ও সচেতন মানুষের মর্যাদাহানি করেছে। শিক্ষকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, তাঁরা যেন তাঁদের দাবি আদায় করতে গিয়ে এমন কিছু না করেন, যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়, লেখাপড়া বিঘ্নিত হয়। বিবৃতি দেন জিল্লুর রহমান সিদ্দিকী, আনিসুজ্জামান, কাজী খলীকুজ্জমান আহমদ, অজয় রায়, হায়াৎ মামুদ, নজরুল ইসলাম, মোহাম্মদ ফরাসউদ্দিন, রামেন্দু মজুমদার, মাহফুজা খানম, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মনজুরুল ইসলাম, সাদেকা হালিম, নাসির উদ্দীন ইউসুফ, রাশেদা কে চৌধূরী ও শফি আহমদ। বিজ্ঞপ্তি।