সংসদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা পর্যবেক্ষণ করা হচ্ছে
পুলিশ সদস্যদের কারও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।গতকাল বুধবার জাতীয় সংসদে নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশ সদস্যদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়া বা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হওয়া বিভাগীয় শৃঙ্খলাপরিপন্থী। তাই কোনো পুলিশ সদস্যের রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।অধিবেশনে অনুপস্থিত বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া কোনো রাজনৈতিক নেতাকে বাংলাদেশ পুলিশ ভারতের হাতে সোপর্দ করেনি।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, সীমান্ত এলাকায় নিরীহ মানুষ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যখনই এ ধরনের হত্যাকাণ্ড ঘটে, তখনই যথাযথ প্রক্রিয়ায় এর প্রতিবাদ জানানো হয়। সাম্প্রতিক সময়ে দেশের উত্তর সীমান্তে যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে মাঠপর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের হত্যাকাণ্ড না ঘটে, এমন ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে। বলা হয়েছে, সীমান্তে বিএসএফ রাবার বুলেট ব্যবহার করবে। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে।অধিবেশনে অনুপস্থিত বিএনপির আশরাফউদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্টমন্ত্রী দীপু মনি জানান, বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং দোষী বিএসএফ সদস্যদের শাস্তি দাবি করা হয়েছে।হাফিজউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুঠোফোনে হুমকি দেওয়া ও চাঁদাবাজি করা সন্ত্রাসীদের ধরার ব্যাপারে কোনো থানা গাফিলতি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা অনুপাতে আনুমানিক এক হাজার ১৪৬ জনের বিপরীতে একজন্র পুলিশ নিযুক্ত রয়েছে। বর্তমানে পুলিশের জনবলের সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৫৪৬ জন। এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। এ লক্ষ্যে ৩২ হাজার ৩১ জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ১৭৫ জনবলের মঞ্জুরি পাওয়া গেছে এবং ১২ হাজার ৩৯১ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ১৬ হাজার ৮৫৬ জনবলের পদ মঞ্জুরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।