পুলিশ সদস্যদের স্মরণে ফলক 'দৃপ্ত শপথ'
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় তিন কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য নিহত হওয়ার ঘটনা স্মরণে ‘দৃপ্ত শপথ’ নামের একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ফলক উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়ায় দুর্ঘটনাস্থলে স্মৃতিফলকটি উদ্বোধন করা হয়। পরে নিহত সব পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয়। জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মাসুদুর রহমান প্রমুখ। জেলা পুলিশের উদ্যোগে থার্মেক্স গ্রুপ ও স্থানীয় সাংসদের অর্থায়নে এ স্মৃতিফলক নির্মাণ করা হয়।
২০১১ সালের ১৫ জানুয়ারি বেলাব থানার পুলিশের ১০ জন সদস্য জেলা পুলিশ লাইনসে প্যারেড বিফ্রিংয়ে অংশ নিতে নরসিংদী যাচ্ছিলেন। তাঁদের বহনকারী পুলিশ ভ্যানটি ঘাশিরদিয়া এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পরিদর্শক (তদন্ত), উপপরিদর্শকসহ (এসআই) আটজন সদস্য প্রাণ হারান। পরে নরসিংদী জেলা হাসপাতালে এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঢাকার একটি হাসপাতালে আরেকজন কনস্টেবল মারা যান।