পিরোজপুরে গতকাল বুধবার সকালে বন্দী বহনকারী একটি বাস উল্টে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় এক স্কুলছাত্র, অভয়নগরে একজন শ্রমিক ও কুষ্টিয়ায় একটি শিশু নিহত হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: পিরোজপুর: রিকুইজিশন করা একটি বাসে করে পিরোজপুর কারাগার থেকে বন্দীদের নিয়ে মঠবাড়িয়া আদালতে যাওয়ার পথে সকাল আটটার দিকে পিরোজপুর শহরের ভাইজোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গোয়ালঘরে ঢুকে যায়। এ সময় বাসে থাকা পুলিশের কনস্টেবল মোস্তফা কামাল (৫০) ঘটনাস্থলে নিহত হন। তাঁর বাড়ি ঝালকাঠি জেলা সদরে।দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন হাবিলদার প্রেমানন্দ (৪৮), কনস্টেবল মোহামঞ্চদ আলী (৫৫), জহুর আলী (৫২)। আহত বন্দীরা হলেন সোহরাব, নজরুল ইসলাম, কবির, সমির, ইউনূস, মুক্তি, রাকিব, শাজাহান, বাদল, জাফর, কামাল ও জাফর। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মঠবাড়িয়া থানার একটি মামলায় পিরোজপুর কারাগারে থাকা ১৩ জন বন্দীকে রিকুইজিশন করা ওই বাসে করে মঠবাড়িয়া আদালতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ: খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ বাজারের কাছে বেলা ১১টার দিকে বাসচাপায় মুসা হোসেন (৭) নামে এক ছাত্র নিহত হয়েছে। মুসা উপজেলার বড়দাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও বড়দাহ গ্রামের ইউনুছ আলীর ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তিন ঘণ্টা পর দুপুরে প্রশাসনের কর্মকর্তারা এসে স্কুলের সামনে গতিরোধক নির্মাণ ও চালকের বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী। অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার মহাকালে ভৈরব নদের ঘাটে গতকাল ট্রাকের চাপায় নিখিল চন্দ্র সাহা (৫০) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন গতকাল ভৈরব নদে অবস্থানরত বার্জ ও কার্গো থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ রাখেন। শ্রমিকেরা জানান, যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নিখিল চন্দ্র সাহা সকালে সারের বস্তা মাথায় নিয়ে গুদামের দিকে যাওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নছিমন উল্টে মো. রনি (১৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে পাবনার ঈশ্বরদী উপজেলার অরণ্যখোলা গ্রামের আজিবর রহমানের ছেলে। গতকাল সকালে কুষ্টিয়া-পাবনা সড়কের মিরপুর উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনি নছিমনে করে কুষ্টিয়া যাচ্ছিল। শিমুলতলা এলাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।