যশোর সদর উপজেলার মনোহরপুর বাজারে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাগেরহাটের মংলা উপজেলায় গত শুক্রবার চুমকি আক্তার (২৫) নামে এক নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি মংলা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে যাত্রীবাহী একটি বাস যশোর থেকে মাগুরার দিকে যাওয়ার পথে মনোহরপুর বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে যশোরে পুরাতন কসবা কাজীপাড়া এলাকার আবু হানিফের ছেলে আব্দুল লতিফ (৩৫) ও অজ্ঞাত এক নারী (৫০) নিহত হন। পরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মংলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি থেকে থানায় আসার পথে শুক্রবার বিকেলে উপজেলার চিলাবাজারের কাছে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন চুমকি। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর একমাত্র ছেলে ফাহিম মুসাল্লী (১) ও স্বামী রিপন মুসাল্লীও আহত হন। প্রথমে চুমকিকে খুলনা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত চুমকির বাড়ি খুলনার রূপসা উপজেলার বাদাল গ্রামে।