চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শুক্রবার ট্রাকচাপায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুর সদর, বরিশালের উজিরপুর, যশোরের অভয়নগর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলার কুমিরা বাইপাস সড়কে গতকাল শুক্রবার সকালে ট্রাকচাপায় কুমিরা পুলিশ ফাঁড়ির হাবিলদার হায়দার আলী (৪২) নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুর জেলায়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।অভয়নগর (যশোর): উপজেলার চেঙ্গুটিয়ায় গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ইমরান হোসেন (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলার শংকরপাশা গ্রামের ওসমান আলীর ছেলে।গৌরনদী (বরিশাল): বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল রাবেয়া ডাল কলের সামনে গতকাল শুক্রবার একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের কামাল হোসেন হাওলাদার (৩০), বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের মাওলানা আলী হোসেন (৫০) ও অজ্ঞাতনামা যুবক (৩০) নিহত হন। গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোড় এলাকায় বৃহস্পতিবার মিনিবাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হলারের চালক মো. হারুন (২৫), যাত্রী কালিয়াকৈরের সফিপুর এলাকার বাদল দাস (৩০), কোনাবাড়ী এলাকার শংকর দাস (২৮) ও অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হন। একই দিন সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালকের সহকারী জামালপুরের রঘুনাথপুর এলাকার জিয়াউর রহমান নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল-নাছিরনগর সড়কের উপজেলার দাঁতমণ্ডলে গতকাল বিকেল চারটায় মালবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে চালক মো. ইকবাল মিয়া (৩৫) ও তাঁর সহযোগী মো. জহির মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জহির মিয়া মারা যান। তিনি সদর উপজেলার ঘাটুরা গ্রামের বাসিন্দা।