চট্টগ্রামে স্ত্রীকে হাতকড়া পরিয়ে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এএসআই) মুসা মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
এএসআই মুসা মিয়া নগরের সদরঘাট থানায় কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিমের আদালতে মামলাটি দায়ের করেন মুসা মিয়ার স্ত্রী ইসরাত সুলতানা। মামলায় মুসার বড় ভাই সিরাজ মিয়া ও ভািব দিল আফরোজকেও আসামি করা হয়।
বাদীর আইনজীবী রহিমা বেগম বলেন, মুসা মিয়ার সঙ্গে ইসরাত সুলতানার বিয়ে হয় গত বছরের সেপ্টেম্বরে৷ বিয়ের পর থেকে মুসা মিয়া পাঁচ লাখ টাকা, টেলিভিশন ও ফ্রিজের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন। এর জের ধরে প্রায়ই মারধর করতেন স্ত্রীকে। সর্বশেষ ৬ জুন নগরের সদরঘাট এলাকায় স্ত্রী ইসরাত সুলতানাকে হাতকড়া পরিয়ে ঘরে মারধর করেন। পরে দরজা বন্ধ করে ঘরে আটকে রেখে চলে যান মুসা। এক দিন পর ইসরাতের পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। ওই সময় মুসা ইসরাতের বাবা ও ভাইকে গ্রেপ্তার ও ডাকাতি মামলার আসামি করার ভয় দেখান৷ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে মুসা মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযোগ অস্বীকার করে মুসা মিয়া বলেন, ‘আমার কাছে কোনো হাতকড়া নেই। বিয়ের পর থেকে ঘর না করতে নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন আমার স্ত্রী। পরিকল্পিতভাবে আমাকে ফাঁসাতে এ ঘটনা সাজানো হয়েছে৷’