পুলিশ সদস্যের স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদস্যের স্ত্রী ও সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ গাইবান্ধার পলাশবাড়ীতে সেতুর পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে৷ আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: শহরের বড়বাজার এলাকার অবকাশ আবাসিক হোটেলের ব্যবস্থাপক আশেকুজ্জামান বলেন, বুধবার রাত ১১টার দিকে নীলফামারীতে কর্মরত পুলিশ কনস্টেবল মহিদুল ইসলাম (২৬) তাঁর স্ত্রী রুবিনা খাতুনকে নিয়ে হোটেলের ৩১ নম্বর কক্ষে ওঠেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীকে কক্ষে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে তিনি বের হয়ে যান।
বেলা আড়াইটার দিকে খাবার প্যাকেট নিয়ে হোটেলে আসেন৷ এর কিছুক্ষণ পর এসে তিনি বলেন, ‘আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমি একটু থানায় যাচ্ছি৷’ এ কথা শুনে তাঁকে হোটেলে রেখে পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে৷ এ ঘটনায় মহিদুলকে আটক করা হয়েছে৷ তাঁদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামে৷
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার বলেন, গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুবিনার লাশ উদ্ধার করা হয়৷ লাশ উদ্ধারের সময় রক্ত দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ছয় মাস আগে রুবিনার সঙ্গে মহিদুলের বিয়ে হয়৷
নাটোর: বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল নন্দীপাড়া মহল্লা থেকে গতকাল বাপ্পী দাস (১৭) নামের এক স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাপ্পী ওই মহল্লার বৃন্দাবন দাসের ছেলে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ইমরান হোসেন বলেন, বাপ্পী বুধবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়৷ পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি৷ এ ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর-পারবর্তীপুর সড়কে একটি সেতুর পাশ থেকে গতকাল সকালে রোস্তাম আলী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোস্তম উপজেলার মহদিপুর গ্রামের ময়েন উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছে জানতে পেরে সকাল আটটায় পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷