কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনু মিয়া (৪৫) ও মোহাম্মদ আজিজ (২৫)। তাঁদের বাড়ি হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায়।
পুলিশের ভাষ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ী স্বপন দেকে ধরতে গতকাল ভোররাতে পুলিশ কেরুনতলী পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া ছররা গুলিতে পুলিশের কনস্টেবল মোহাম্মদ সোহেল (২৮) আহত হন। এ ছাড়া কনস্টেবল রেদুয়ানুল ইসলাম (২৪) ও মোহাম্মদ পারভেজ (৩০) আহত হন। পরে পুলিশ ধাওয়া করে দুটি এলজি, পাঁচটি গুলিসহ আনু মিয়া ও আজিজকে গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ আরও তিনটি দেশে তৈরি বন্দুক ও ১৫টি গুলি উদ্ধার করে। আনু মিয়ার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ পাঁচটি ও আজিজের বিরুদ্ধে দুটি মামলা আছে।
পুলিশের আহত সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহীন হাসান চৌধুরী বলেন, কনস্টেবল সোহেলের চোখের ওপর ছররা গুলির আঘাতের চিহ্ন আছে। পুলিশের বাকি দুই সদস্যের শরীরে আঘাতের চিহ্ন আছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, আত্মরক্ষার্থে পুলিশ ২৫টি গুলি ছোড়ে। তিনি বলেন, অস্ত্র উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।