পুলিশ সপ্তাহ নিয়ে ব্যস্ত সবাই, নগরে আবার যানজট
মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০০৯। এ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের বেশির ভাগ ব্যস্ত নানা আনুষ্ঠানিকতায়। রাজধানী ঢাকার সড়কে যানবাহন চলাচল তদারকি করার দায়িত্বে যাঁরা আছেন, তাঁরাও দায়িত্ব পালন করেছেন দায়সারা ভাবে। এতে করে যানজট আবার আগের মতোই অসহনীয় হয়ে উঠেছে।যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। যেন থমকে থাকা গাড়ির মিছিল। গাড়ির জট কমাতে পুলিশের নানা উদ্যোগের পরও গতকাল বৃহস্পতিবার নগরীর অনেক রাস্তার চিত্র ছিল এরকমই।ফার্মগেট মোড়ে দেখা গেছে, সবগুলো রাস্তাই গাড়িতে ঠাসাঠাসি। কোথাও খালি নেই। মহাখালীর রাস্তায় যত দূর চোখ যায় শুধু গাড়ি। মগবাজার থেকে মহাখালী যেতে সময় লেগেছে কারও এক ঘণ্টা, কারও আরও বেশি। পুরো বিজয় সরণিতে দেখা যায় গাড়ির লম্বা মিছিল।ফার্মগেটে যানজটের অবস্থা সবচেয়ে ভয়াবহ হওয়ায় অনেকে গাড়ি ঘুরিয়ে দেন মিরপুর রোডের দিকে। এই সড়কটি পার হয়ে এসে পান্থপথে আবার সেই ঠায় গাড়িতে বসে থাকা। এভাবেই পাঁচ মিনিটের পথ পেরুতে সময় পেরিয়ে যায় এক ঘণ্টা। ব্যস্ততম মিরপুর সড়কের বিভিন্ন অংশে দুই পাশে সারি বেঁধে গাড়ি রাখায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। এই সড়কের মার্কেটগুলোর সামনে কোথাও কোথাও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেলেও তাতে কাজ হয়নি তেমন কিছু। বিভিন্ন অংশে ছিল গাড়ির দীর্ঘ লাইন।