পুলিশ সমাবেশে সুরের মূর্ছনা
পৌষের শেষ দিনের কুয়াশামাখা সন্ধ্যা। শীতের হাওয়ায় মাঘের আগমনী বার্তা। এদিন কর্মব্যস্ততা শেষে বগুড়ার মানুষের মিলনমেলা ছিল সুর ও ছন্দের মিতালির খোঁজে আলো-আঁধারির মঞ্চকে ঘিরে। মঞ্চে ছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন।
গত বুধবার সন্ধ্যায় বগুড়ার পুলিশ লাইনস মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্র এটি। বগুড়া জেলা পুলিশের বার্ষিক সমাবেশ উপলক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে নকুল কুমার বিশ্বাস ও দিনাত জাহান মুন্নী সংগীত এবং স্থানীয় শিল্পীরা নৃত্যগীত পরিবেশন করেন। মুগ্ধ হয়ে এর স্বাদ নেয় প্রায় অর্ধলক্ষ মানুষ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও তাঁর সহধর্মিণী শামসুন্নাহার রহমান অনুষ্ঠান উপভোগ করেন। রাত একটার দিকে অনুষ্ঠান শেষ হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘মঙ্গলদ্বীপ জ্বেলে...’ গানের সঙ্গে বগুড়ার ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র একঝাঁক নৃত্যশিল্পীর দলীয় পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপরই মঞ্চে ওঠেন সাবিনা ইয়াসমীন। এই প্রথম বগুড়ায় গান করলেন তিনি।
‘সুন্দর, সুবর্ণ, তারুণ্য, লাবণ্য, অপরূপ রূপসী, রূপেতে অনন্য/ আমার দুচোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য’ দেশাত্মবোধক গান দিয়ে উপমহাদেশের নন্দিত ও সুকণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমীন তাঁর গানের ঝাঁপি খোলেন। এরপর একে একে গেয়ে শোনান ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘তুমি চোখের আড়াল হও’, ‘চিঠি দিয়ো প্রতিদিন’, ‘শুধু গান গেয়ে পরিচয়’সহ জনপ্রিয় গানগুলো। স্বাধীনতার ৪৪ বছর পর বগুড়ার মঞ্চে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিনয়ী এই শিল্পী।
এরপর মঞ্চে ওঠেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি শোনান 'সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’সহ জনপ্রিয় গানগুলো।
কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস জীবনমুখী গান করেন। অভিনেতা ডি এ তায়েব ও লাক্স তারকা মেহজাবীন নৃত্য ও প্রিন্স আলমগীর কৌতুক পরিবেশন করেন।