পুলিশ সুপার ও ওসির নেওয়া পদক্ষেপ জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক শিশুকে নির্যাতনের ঘটনায় জড়িত লোকজনের বিরুদ্ধে কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে রাজশাহীর পুলিশ সুপার ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয় জানিয়ে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন। আগামী ৭ মার্চ পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
‘তুচ্ছ ঘটনায় ১২ বছরের শিশুকে নির্যাতন’ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনের তথ্য অনুসারে, সিডি প্লেয়ারের কেব্ল নষ্ট করার অভিযোগে নাজমুল হক নামের ১২ বছরের এক শিশুকে মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়। নাজমুলের বাড়ি বড়ইপাড়া গ্রামে। প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গতকাল হাইকোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ মাহমুদ হাসান ও আইনজীবী আরাফাত হোসেন খান। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মীর মো. হেলাল ও সাইফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুদের বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার ঘটনা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।