গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘরে আগুন
পুলিশ সুপার ও চামগাড়ীর পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনা তদন্তে বিচারিক কমিটিকে সব ধরনের সহযোগিতা না করায় পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলামকে অবিলম্বে গাইবান্ধা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই ঘটনার দিন গত ৬ নভেম্বর চামগাড়ী বিল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদেরও অবিলম্বে প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগুন দেওয়ার ভিডিওচিত্রটি ফরেনসিক ল্যাবের মাধ্যমে পরীক্ষার বিষয়ে নেওয়া পদক্ষেপ চার সপ্তাহের মধ্যে জানাতে আইজিপি ও রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাঁওতালপল্লিতে অগ্নিসংযোগের ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৯ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন আদালত।
ওই প্রতিবেদন থেকে উদ্ধৃত করে আদেশে বলা হয়, চামগাড়ী এলাকায় যাঁরা গিয়েছিলেন, পুলিশ সুপার তাঁদের নাম সরবরাহ করেননি। পুলিশ সুপারের এক চিঠিতে দেখা যায়, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মুখ্য বিচারিক হাকিম পুলিশ সুপারের কাছে যে উত্তর চেয়েছিলেন, এর জবাব না দিয়ে তিনি তা উপেক্ষা করার চেষ্টা করেন। পুলিশ সদস্য যাঁরা নিয়োজিত ছিলেন, তাঁরা সবাই ওই ঘটনায় সম্পৃক্ত নন, কতিপয় সদস্য জড়িত। এ জন্য পুরো বিভাগকে দোষ দেওয়া যায় না। তথ্য সরবরাহে পুলিশ সুপারের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। পুলিশ সম্পর্কে জনমনে সংশয় ও নেতিবাচক ধারণা যাতে না হয়, সে জন্য চামগাড়ী বিল এলাকায় ৬ নভেম্বর নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া যাচ্ছে। পুলিশ সুপারকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলো।
অগ্নিসংযোগে পুলিশ সম্পৃক্ত—গণমাধ্যমে আসা এমন খবর যুক্ত করে রিট আবেদনকারীদের করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট তদন্ত করে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ৩১ জানুয়ারি ওই প্রতিবেদন আদালতে জমা পড়ে। এর মতামত অংশে বলা হয়, সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি এবং ওই ঘটনার সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য দায়ী। আগুন লাগানোর ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্য ও একজন ডিবি সদস্য সক্রিয়ভাবে জড়িত। সেদিন আদালত পক্ষগুলোকে তদন্ত প্রতিবেদন সরবরাহ করতে নির্দেশ দিয়ে ৭ ফেব্রুয়ারি দিন রাখেন।
শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, অনুসন্ধানকালে মুখ্য বিচারিক হাকিম পুলিশ সুপারের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নামের তালিকা তলব করলে তা সরবরাহ না করে গত ২১ জানুয়ারি স্মারক পাঠান। তাতে বলা হয়, বর্তমানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যেকোনো ঘটনার চিত্র এডিট করে তা পুনরায় অন্য ঘটনার সঙ্গে সংযুক্ত করে প্রকাশ করার সুযোগ আছে। এই ভিডিওচিত্রটির ক্ষেত্রে তা করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক ল্যাবের মাধ্যমে তা পরীক্ষা করা আবশ্যক।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানিতে বলেন, প্রথমে তালিকা চাওয়া হলে পুলিশ সুপার ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকতাসহ ৫৬ পৃষ্ঠার একটি তালিকা সরবরাহ করেন। ভিডিও ক্লিপিংয়ের ভিত্তিতে চিহ্নিত করতে মুখ্য বিচারিক হাকিম ১৮ জানুয়ারি পুলিশ সুপার বরাবর আরেকটি চিঠি পাঠান। এর জবাবে জানানো হয়, ওই ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর অনুসন্ধান অব্যাহত রয়েছে।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সাহেবগঞ্জের ওই সংঘর্ষে কয়েকজন সাঁওতাল নিহত ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সাঁওতালদের ঘরে আগুন দেওয়া হয়।
সাঁওতালদের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১৬ নভেম্বর আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্রতী সামাজিক কল্যাণ সংস্থা ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট একটি রিট করে। প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ঘটনার দিন অগ্নিসংযোগে পুলিশের সম্পৃক্ততা নিয়ে ১৩ ডিসেম্বর ছবিসহ কয়েকটি জাতীয় দৈনিক ও গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রতিবেদন যুক্ত করে সম্পূরক আবেদন করা হয়।